খুলনায় নৌকাবাইচ প্রতিযোগিতা
৩০ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় নগরীর রূপসা নদীর ১ নম্বর কাস্টম ঘাট (খেয়ালাঘাট চত্বর) এলাকা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকায় গিয়ে শেষ হয়। নৌকাবাইচ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় স্থানীয় প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার মোট ১০টি বাইচনৌকা অংশ নিয়েছে।নৌকাবাইচে প্রথম হয় খুলনার ডুমুরিয়া উপজেলার টাইগার দলের নৌকা, দ্বিতীয় মাগুরা জেলার জয়বাংলা দলের নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করে পাইকগাছার বলাকা দলের নৌকা।প্রথম স্থান অধিকারী দলকে ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারীকে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী অন্য দলগুলোকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে পিতলের কলস দেওয়া হয়। প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন আফজাল হোসেন, মোতালেব হোসেন, ইউসুফ আলী, মো. সামছু, মিজানুর রহমান ও শেখ মোশারফ হোসেন।প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় রূপসা সেতুর পশ্চিম পারে লবণচরা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর এস ইমরান, জেলা প্রশাসক মো. জমসের আহম্মদ খন্দকার, মহানগর পুলিশের পুলিশের উপকমিশনার জি এম আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. তানভীর আহমেদ চৌধুরী, কেসিসির প্যানেল মেয়র আজমল আহম্মদ, বাংলালিংকের রিজিয়নাল কমার্শিয়াল হেড বাবুল হক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি মো. লিয়াকত আলী, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফারুক হোসেন, নগর সামাজিক ও সাংস্কৃতিককেন্দ্রের উপদেষ্টা শেখ আব্দুল মান্নান ও শেখ আশরাফ-উজ জামান। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।