খুলনায় পুলিশকে মারধরের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
খুলনায় পুলিশের পাঁচ সদস্যকে মারধর ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনার পর এক দিন অতিবাহিত হলেও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো মামলাও হয়নি। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের বিরুদ্ধে গিয়ে বদলি বা বরখাস্তের মুখোমুখি হতে তাঁরা চান না। এ জন্য ঘটনার এক দিন পরও তাঁরা অনেকটা নির্বিকার। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা ও সরকারি কার্যালয় (পুলিশ বক্স) ভাঙচুরের ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় মামলা না করলেই নয়, তাই মামলা করা হবে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হবে না।গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের দৌলতপুর এলাকার নতুন রাস্তার মোড়ে ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেলের লাইসেন্স (অনুমতিপত্র) দেখতে চাওয়ায় সার্জেন্ট রফিককে সংগঠনের কয়েকজন নেতা-কমী মারধর করেন। এ সময় বাধা দিলে কনস্টেবল সুমন হাওলাদার, মো. শরিফুল ইসলাম, মো. মামুন হোসেন ও মো. মেহেদী হাসানকে মারধর করে তাঁদের পোশাক ছিঁড়ে ফেলা হয়। ভাঙচুর চালানো হয় পুলিশ বক্সে।খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, আহত হওয়া পুলিশ সদস্যদের শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের প্রত্যেকের শরীরে লাথি-ঘুষির আঘাত রয়েছে। ব্যবস্থাপত্র ও বিশ্রামের পরামর্শ দিয়ে আজ শনিবার দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।দৌলতপুর থানার উপপরিদর্শক (ওসি) আনোয়ারুল হক ভূঁইয়া প্রথম আলোকে আজ সন্ধ্যা সাতটায় বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।