খুলনায় বখাটে ছেলের গুলিতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা চেয়ে না পেয়ে বখাটে ছেলের বন্দুকের গুলিতে খুন হয়েছেন বৃদ্ধ বাবা। গতকাল শুক্রবার দুপুরে খুলনা মহানগরের পশ্চিম বানিয়াখামার এলাকার নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকের গুলির খোসা, বন্দুক ও এর লাইসেন্স জব্দ করেছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, দুপুর দুইটার দিকে মহানগরের পশ্চিম বানিয়াখামার এলাকায় মাহবুব হোসেন ওরফে মানু (২৫) বাবা শেখ মো. মুসা মিয়ার (৬০) কাছে কিছু টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে মানু ক্ষিপ্ত হয়ে বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন। মানুর এমন আচরণে ছোট ভাই মাহফুজ বাধা দেন। এতে মানু আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে বন্দুক দিয়ে গুলি করতে উদ্যত হলে মাহফুজ ভয়ে পালিয়ে যান। এরপর মানু তাঁর বাবাকে পেছন দিক থেকে পর পর দুটি গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ মুসা মিয়া ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। স্ত্রী, ছেলের বউ, অন্য সন্তানেরাসহ এলাকাবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।খুলনা মেডিকেল কলেজের শল্য চিকিত্সা বিভাগের অধ্যাপক কে পি সরকার প্রথম আলোকে বলেন, মুসা মিয়া পিঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন। পেছন থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়।নিহত মুসা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম সাংবাদিকদের বলেন, ‘বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করায় গত বৃহস্পতিবার রাতে মানুকে ওর বাবা বকাঝকা করেন। সে বাড়ি থেকে প্রায়ই টাকা নিত। গতকাল দুপুরে সে তার বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে গুলি করে।’মানুর আচার-আচরণ সম্পর্কে মাহমুদা বেগম বলেন, কয়েক মাস ধরে মানুর হাতখরচের টাকার পরিমাণ বেড়ে যায়। এ নিয়ে পরিবারে অশান্তিও ছিল।মহানগরের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়েছে, তা বিদেশি একনলা বন্দুক। এটির লাইসেন্স মুসা মিয়ার নামে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে বন্দুক, বন্দুকের গুলির দুটি খোসা ও এর লাইসেন্স জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে মানু পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, মানু বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতেন এবং মাদকাসক্ত ছিলেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, মুসা মিয়া খুলনা সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাঁর ছয় ছেলে ও এক মেয়ে। এদের মধ্যে মানু পঞ্চম।