খুলনায় বাংলাদেশ-ভারত যৌথ বিদ্যুৎকেন্দ্র হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) যৌথ উদ্যোগে খুলনায় এক হাজার ২৪০ মেগাওয়াট উত্পাদনক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। পাশাপাশি পিডিবি ও এনটিপিসি এ দেশের একটি পুরোনো বিদ্যুৎকেন্দ্র কিংবা কোনো কেন্দ্রের একটি ইউনিট সংস্কার করবে।বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎসচিব পর্যায়ের স্টিয়ারিং কমিটির সভা শেষে গতকাল শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। দুই দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড স্থাপন শেষে ২০১২ সালের জুলাই মাসে সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ আনা-নেওয়া শুরু করা যাবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। ভারত থেকে আনা প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) বিদ্যুতের দাম সাড়ে তিন টাকার মতো পড়তে পারে। গত রাতে এ বিষয়ে পিডিবির সঙ্গে পাওয়ার গ্রিড কোম্পানি অব ইন্ডিয়া (পিজিসিআই) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে পিজিসিআইয়ের দুটি পৃথক সমঝোতা স্মারক সই হয়েছে। আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে পিডিবির সঙ্গে এনটিপিসির সমঝোতা স্মারক সই হবে পরে।গতকাল বিকেলে পিডিবির সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বাংলাদেশের বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ ও ভারতের বিদ্যুৎসচিব এইচ এস ব্রহ্ম বক্তব্য দেন।কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: দুই দেশের দুটি কোম্পানির সমান অংশীদারিত্বে এই কেন্দ্র চলবে আমদানি করা কয়লা দিয়ে। এর উৎপাদনক্ষমতা হবে এক হাজার ২৪০ মেগাওয়াট (৬২০ মেগাওয়াটের দুটি ইউনিট)। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অভিজ্ঞ হওয়ায় কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকবে এনটিপিসি। এই কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ঋণের সংস্থানও করবে তারা।ব্রিফিংয়ে জানানো হয়, এ বছরই কেন্দ্রটি স্থাপনের প্রক্রিয়া শুরু করা হবে। কাজ শেষ হতে সময় লাগবে সর্বোচ্চ চার বছর। এ ব্যাপারে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।পুরোনো কেন্দ্র সংস্কার: এমওইউর আওতায় বিপিডিবি ও এনটিপিসি এ দেশের একটি পুরোনো বিদ্যুৎকেন্দ্র কিংবা কোনো কেন্দ্রের একটি ইউনিট সংস্কার করবে। এ কেন্দ্র অথবা ইউনিটটি ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের হতে পারে বলে জানা গেছে। ভবিষ্যতে যৌথ উদ্যোগে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পুরোনো বিদ্যুৎকেন্দ্র সংস্কারের আরও কার্যক্রম গ্রহণ করা হতে পারে।যৌথ উদ্যোগে পুরোনো বিদ্যুৎকেন্দ্র সংস্কার প্রসঙ্গে বিদ্যুৎসচিব বলেন, আপাতত একটি কেন্দ্র সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রটি নির্বাচন করবে পিডিবি। এ কাজের জন্য প্রকৃত খরচ ছাড়া প্রশাসনিক ব্যয় বাবদ এনটিপিসিকে কিছু অর্থ দিতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটি দক্ষ জনবল সৃষ্টি, প্রশিক্ষণ, বিদ্যুৎকেন্দ্র দক্ষতা বৃদ্ধিসহ বেশ কিছু ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করবে।গ্রিড স্থাপন: বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎসচিব পর্যায়ের স্টিয়ারিং কমিটির সভায় দুই দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড স্থাপন প্রকল্পের সার্বিক দিক পর্যালোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে ২০১২ সালের জুলাই মাসে এই সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ আনা-নেওয়া শুরু করা যাবে। ভারত থেকে আনা প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) বিদ্যুতের দাম সাড়ে তিন টাকার মতো পড়তে পারে।সংবাদ ব্রিফিংয়ে স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত উদ্ধৃত করে আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ-ভারত গ্রিড লাইন স্থাপন প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মোট ১৩০ কিলোমিটার (বাংলাদেশে ৪৫ ও ভারতে ৮৫ কিলোমিটার) লাইন স্থাপন করতে হবে। এ ছাড়া বাংলাদেশে একটি গ্রিড উপকেন্দ্রও স্থাপন করতে হবে। এ জন্য এ দেশের কাজে মোট ব্যয় হবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা। সরকার ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) যৌথভাবে এই ব্যয় বহন করবে। ভারতের অংশের কাজের জন্য ব্যয় বহন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব ইন্ডিয়া। তবে যে দেশ যখন বিদ্যুৎ আমদানি করবে, সেই দেশ তখন এই গ্রিড লাইনের জন্য ‘হুইলিং চার্জ’ (গ্রিড লাইন দিয়ে বিদ্যুৎ সঞ্চালন করে আনার জন্য দেওয়া খরচ) দেবে।এক প্রশ্নের জবাবে বিদ্যুৎসচিব জানান, ভারত থেকে আনা বিদ্যুতের দাম নির্ধারণ করবে সে দেশের এনার্জি রেগুলেটরি কমিশন। তবে হুইলিং চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন টাকার মতো পড়তে পারে বলে প্রাথমিক হিসাবে দেখা গেছে। আরেক প্রশ্নের জবাবে ভারতের বিদ্যুৎসচিব জানান, সে দেশে এখন গ্রাহকেরা বিদ্যুৎ পায় প্রতি ইউনিট সাড়ে তিন থেকে চার টাকা দামে। উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট চার টাকার মতো। আর এখন যে ভাড়াভিত্তিক কেন্দ্র করা হচ্ছে, তা থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনছে গড়ে ১০ টাকারও বেশি দামে।সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, চলতি মাসেই গ্রিড লাইন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে। কার্যাদেশ দেওয়া হবে আগামী জুলাই মাসে। কার্যাদেশ দেওয়ার পর গ্রিড লাইন, উপকেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামো স্থাপনে সর্বোচ্চ দুই বছর সময় লাগবে। সে হিসাবে, ২০১২ সালের জুলাই মাসে এই লাইন দিয়ে বিদ্যুৎ আনা যাবে।বিদ্যুৎসচিব বলেন, ভারতের বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানিও এই লাইন দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে আগ্রহী। এ ব্যাপারে জানা-বোঝার জন্য টাটা, আদানি, ল্যাংকোসহ কয়েকটি কোম্পানির প্রতিনিধি স্টিয়ারিং কমিটির সভা উপলক্ষে এখন বাংলাদেশে আছেন। তাঁদের কাছ থেকেও যদি বিদ্যুৎ আনা যায়, তাহলে গড় হুইলিং চার্জ কমে যাবে এবং বিদ্যুতের দাম আরও কম পড়বে।ব্রিফিংয়ে দুই সচিব: যৌথ সংবাদ ব্রিফিংয়ে ভারতের বিদ্যুৎসচিব বলেন, ‘দ্বিপক্ষীয় সহযোগিতার পথে আমরা বেশ কিছুদূর এগিয়েছি। আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশকে এগোতে হবে বেশ কিছুটা দ্রুতলয়ে। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত। কারণ, বাংলাদেশ ভারতের নিকটতম প্রতিবেশী। বন্ধু বদলানো সম্ভব হলেও প্রতিবেশী কখনো বদলানো যায় না।’বাংলাদেশের বিদ্যুৎসচিব বলেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ খাতে এসব কার্যক্রম কোনোটাই বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে না। সব কাজের ভিত্তি হচ্ছে সহযোগিতা।পরবর্তী বৈঠক: বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার জন্য গঠিত যৌথ স্টিয়ারিং কমিটির পরবর্তী সভা হবে আগামী জুন মাসে, ভারতে। তার আগে মে মাসে সে দেশেই অনুষ্ঠিত হবে যৌথ ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠক।প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তার পর থেকে এসব কার্যক্রম শুরু হয়।