খুলনায় বিএডিসির গুদাম থেকে ১১০০ বস্তা সার উধাও
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খুলনা গুদামের প্রায় এক হাজার ১০০ বস্তা টিএসপি সারের হদিস নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষজনক কোনো জবাবও দিতে পারেননি। ওই কার্যালয়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সার চুরিতে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।বিএডিসির খুলনার কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এই গুদামে এখনো ৫২ দশমিক ২২৪ মেট্রিক টন (প্রায় ১১০০ বস্তা) টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার মজুদ থাকার কথা। কিন্তু বর্তমানে গুদামে কোনো সার নেই। উধাও হওয়া সারের দাম প্রায় ১১ লাখ টাকা।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনা মহানগরের বয়রায় বিএডিসি কার্যালয়ে গিয়ে দেখা যায়, দায়িত্বরত যুগ্ম পরিচালক (সার) মো. আলী আসগর তাঁর কক্ষে নেই। সহকারী শহীদুল্লাহ বলেন, স্যার বাইরে আছেন। আধা ঘণ্টা পর কার্যালয়ের কক্ষের পাশের আরেকটি কক্ষে তাঁকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এই কক্ষটিকে তিনি আবাসিক কক্ষ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন বলেও জানা যায়। সার উধাও হওয়ার ব্যাপারে জানতে চাইলে যুগ্ম পরিচালক (সার) প্রথম আলোকে বলেন, ‘গুদামরক্ষক লিয়াকত হোসেনের দায়িত্বে সার থাকে, তাই সার বুঝিয়ে দেওয়ার দায়িত্বও তাঁর।’ বিএডিসির ওই কার্যালয় সূত্রে জানা যায়, কৃষকদের মধ্যে ভর্তুকির মাধ্যমে সার বিক্রির জন্য গত বছর পাঁচ হাজার ২২ দশমিক ৯০ মেট্রিক টন সার বিএডিসির খুলনা কার্যালয়কে দেওয়া হয়। এই সার এখান থেকে ডিলারদের কাছে বিক্রি ও পরিবহন কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা। এসব সার গুদামরক্ষকের মাধ্যমে সরবরাহ ও তাঁর কাজ তদারকির জন্য টালিক্লার্ক ও তদারকি কমিটি রয়েছে। সার পাচারের বিষয়টি জানাজানি হলে ঘটনা তদন্তে ঢাকা থেকে বিএডিসির মহাব্যবস্থাপক (সার) জে সি সরকার খুলনায় আসেন। তাঁর খুলনায় আসার খবরে এখানকার চক্রটি নিজেদের বাঁচাতে গুদামরক্ষক লিয়াকত হোসেনের নামে খালিশপুর থানায় ১৩ এপ্রিল গভীর রাতে মামলা করে। পাশাপাশি লিয়াকতকে বাড়ি থেকে ডেকে এনে একটি কক্ষে সারা রাত আটকে রেখে পরদিন পুলিশে সোপর্দ করে। সূত্র জানায়, গত বছরের ২৫ ডিসেম্বর বিএডিসির খুলনা কার্যালয়ের ২ নম্বর গুদাম থেকে সার চুরি হয়। ওই দিন পুলিশ ১৪ বস্তা টিএসপি সার উদ্ধার করে। এ ব্যাপারে সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ আল-মামুন বাদী হয়ে ২৬ ডিসেম্বর মোস্তাফা ও রুস্তম নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেন। মামলাটি এখনো তদন্তাধীন। জানা যায়, চুরির ঘটনার পর গুদামে সারের পরিমাণ নিরূপণের জন্য লিয়াকত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি।ওই কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের অভিযোগ, গুদামরক্ষক লিয়াকত বাইরে কর্তব্য পালনকালে একটি চক্র গুদাম থেকে সার পাচার করেছে। এখন তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা মহাব্যস্থাপক (সার) জে সি সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মো. শাহাদত হোসেন জানান, বিএডিসির খুলনার বয়রা কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে। সার চুরিতে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারেন। ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা দরকার। তা না হলে অনিয়ম ও দুর্নীতি আরও বাড়বে।