খুলনায় বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মী আটক
খুলনা নগরের বিভিন্ন এলাকায় আজ বুধবার সকালে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। পুলিশ এসব মিছিল থেকে বিএনপি ও জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে। খুলনা মহানগর বিএনপির প্রচার সেলের প্রধান মোহাম্মদ চঞ্চল জানান, নগরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে আটক করে। তাঁরা হলেন—আইনজীবী মশিউর রাহমান, মাহমুদুল হক, শেখ আশিকুর রহমান, মিশুক মোস্তফা ও হোসনে আরা চাঁদনী।মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরোয়ার জানান, সকালে পুলিশ হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে জামায়াতের ছয়জন নেতা-কর্মীকে আটক করে। তাঁরা হলেন—খুলনা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খান মনসুর আলী, ডা. রিয়াদুল ইসলাম, আতিয়ার রহমান, শহীদুল ইসলাম, বায়েজিদ হোসেন ও আলমগীর হোসেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়নি। তবে প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থকদের একটি মিছিল পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।হরতালে সমর্থনে খুলনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কোর্ট চত্বরে একটি মিছিল বের করে। মিছিল শেষে ফেরার সময় পুলিশ লাঠিপেটা করে। এতে ছয়জন আইনজীবী আহত হন। তাঁরা হলেন—রফিকুজ্জামান, এহতেশামুল হক, আবদুল্লাহ হোসেন, আবদুল মান্নান, খান লিয়াকত আলী ও শেখ হাফিজুর রহমান।