খুলনায় বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মী আটক
হরতালকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে। গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে দল দুটির পক্ষ থেকে ২৮ জনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়।খুলনা নগর বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, শাহিন তালুকদার, সাদিকুর রহমান, জামাল উদ্দিন, বারেক হাওলাদার, আনোয়ার হোসেন, গাজী মঈন, মুজিবুর রহমান, মাসুদ চৌধুরী, কবীর গাজী, জামাল হোসেন, এ কে এম মাখন ও হাসান মেহেদী।মহানগর জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, দলটির ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ইমাম মুহিত, হাসান মাহমুদ, মিজানুর রহমান, মজিবর রহমান, শামসুল হুদা, রেজাউল করিম, শাহ জালাল, কাজী মোস্তফা কামাল, অজিয়ার রহমান, মাওলানা গোলাম, মোস্তফা হোসাইন, আলী হাসান, মাসুম বিল্লাহ ও মোমিনুল ইসলাম।দলীয় নেতা-কর্মীদের আটকের ঘটনাকে পুলিশের বাড়াবাড়ি হিসেবে আখ্যায়িত করে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম তাঁদের অবিলম্বে তাঁদের মুক্তি দাবি জানান।মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম সরওয়ারও নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত জিল্লুর রহমান বলেন, খুলনা শহরে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে খুলনা সদর থানায় ১৩ জন, খালিশপুর থানায় পাঁচজন, দৌলতপুর থানায় পাঁচজন ও খানজাহান আলী থানায় দুজনকে আটক রাখা হয়েছে।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সদর উপজেলা থেকে এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে।