খুলনায় বিএনপির মহাসমাবেশ সফল করতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশের অংশ হিসেবে আজ রোববার খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা তিনটায় খুলনা মহানগরের শিববাড়ী মোড় এলাকায় ওই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা। মহাসমাবেশ সফল করতে খুলনা বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক উদ্যোগ নিয়েছেন। নেতা-কর্মীরা জানান, মহাসমাবেশে ব্যাপক লোকসমাগম করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত সভা, মিছিলসহ বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে। এই মহাসমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে প্রধান সমন্বয়কারী এবং সাংসদ ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামকে সমন্বয়কারী করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। গত শুক্রবার বেলা ১১টায় নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসমাবেশ আয়োজন-সম্পর্কিত বিভিন্ন তথ্য সাংবাদিকদের জানান তরিকুল ইসলাম।আয়োজক কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম জানান, শুধু খুলনা মহানগর ও জেলার নয়টি উপজেলাতেই মহাসমাবেশ উপলক্ষে ৬০ হাজার পোস্টার লাগানো হয়েছে। বর্তমান মহাজোট সরকারের দেড় বছরের ব্যর্থতার চিত্র তুলে ধরে ১০ লাখ লিফলেটও ছাপানো হয়েছে এবং সেগুলোর বিতরণও শেষ পর্যায়ে। সমাবেশের দিনও লিফলেট বিতরণ চলবে। নজরুল ইসলাম আরও বলেন, শুক্রবার সকাল থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। ৫৫ ফুট লম্বা, ২৫ ফুট চওড়া ও সাত ফুট উঁচু মঞ্চ তৈরি করা হয়েছে। মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শতাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া এসব স্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁদের ছেলে তারেক রহমানের ছবিসংবলিত ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড এবং গরুরগাড়ি, ধানের শিষ হাতে কৃষকের ছবি ও প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। খালেদা জিয়ার ভাষণ প্রচারের জন্য মহানগরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে প্রজেক্টরও স্থাপন করা হবে। এ ছাড়া নগরের পিকচার প্যালেস মোড়, ময়লাপোতা, ফেরিঘাট এবং নিউমার্কেট পর্যন্ত মাইকও বসানো হচ্ছে। সমাবেশস্থলে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সদস্য নিয়োজিত থাকবেন।নজরুল ইসলাম জানান, খালেদা জিয়া সড়কপথে খুলনা আসবেন। দুপুরে খুলনা পৌঁছে তাঁর খুলনা সার্কিট হাউসে ওঠার কথা। বেলা তিনটায় তাঁর মহাসমাবেশস্থলে আসার কথা। শতাধিক কেন্দ্রীয় নেতা চেয়ারপারসনের সঙ্গে খুলনায় আসবেন। এ ছাড়া সহযোগী সংগঠনের প্রধানেরাও থাকছেন তাঁর সঙ্গে। এদিকে গতকাল শনিবার বিকেলে নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে মহাসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী তরিকুল ইসলাম অভিযোগ করেন, সম্মেলন যাতে সফল না হয় সে জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। দলের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে। তবে খুলনার প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে তরিকুল ইসলাম বলেন, তারা মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সহযোগিতা করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসমাবেশে চেয়ারপারসন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা মহানগর। এখানে বিএনপির প্রার্থীরা বিভিন্ন নির্বাচনে জয়ী হয়ে আসছেন। কিন্তু গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে সেই শক্ত ঘাঁটিতে আঘাত আনে আওয়ামী লীগ। এরপর জাতীয় সংসদ নির্বাচনেও খুলনা-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি আসনে পরাজিত হন বিএনপির প্রার্থীরা। গত সংসদ নির্বাচনের পর এটাই বিএনপির চেয়ারপারসনের প্রথম খুলনা সফর। স্থানীয় নেতারা আশা করছেন, মহাসমাবেশ ও খালেদা জিয়ার সফরের মধ্য দিয়ে খুলনা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার হবে।