খুলনায় বৃদ্ধাকে হত্যা করে ৬৫ লাখ টাকার সম্পদ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় রাজিয়া সুলতানা (৭০) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার, সঞ্চয়পত্রসহ ৬৫ লাখ টাকার সম্পদ নিয়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নিরালার ৫ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা ওই বাসায় তাঁর ব্যবসায়ী ছেলে আসাদুজ্জামানের সঙ্গে থাকতেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।নিহত রাজিয়া সুলতানার পারিবারিক সূত্রে জানা গেছে, তৈরি পোশাক ব্যবসায়ী আসাদুজ্জামান মিন্টু গতকাল বিকেলে বের হওয়ার সময় বাড়িতে তাঁর মা ছাড়া কেউ ছিল না। সন্ধ্যায় তাঁর স্ত্রী কাঁকন বেগম বাবার বাড়ি থেকে ফিরে বাড়ির ফটকসহ সব দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, ঘরের আসবাব ছড়ানো-ছিটানো আর রান্নাঘরের মেঝেতে শাশুড়ি রাজিয়া বেগমের মরদেহ মুখ-হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে।কাঁকন বেগম বলেন, ‘দুপুরে বাড়ি থেকে বাবার বাড়ি গিয়েছিলাম। সন্ধ্যায় ফিরে ঘর ওলট-পালট এবং শাশুড়িকে রান্না ঘরের মধ্যে হাত-পা বাঁধা মৃত অবস্থায় দেখি। সন্ত্রাসীরা আলমারি ভেঙে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার নিয়ে গেছে।’ আসাদুজ্জামান বলেন, ‘আমার বাড়িতে মানুষ পানি নেওয়া বা দুধ দেওয়ার নাম করেও ঢুকতে পারে। মায়ের লাশের পাশে একটা দুধের বোতল পাওয়া গেছে। পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।’খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আসাদুজ্জামান বাদী হয়ে হত্যা ও ডাকাতি মামলা করেছেন।