খুলনায় বোমা হামলায় আ.লীগ নেতা আহত, চারটি বোমা উদ্ধার
সন্ত্রাসীদের বোমা হামলায় খুলনা মহানগরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খসরুল আলম (৪৫) আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে খালিশপুরের গোয়ালখালী এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।খসরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক হামিদ আসগর প্রথম আলোকে জানান, খসরুলের বাঁ কাঁধের পেছনের দিকে বোমার দুটি স্প্লিন্টার পাওয়া গেছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোয়ালখালীতে নিজ বাড়ির সামনে একটি দোকানের পাশে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন খসরুল। এ সময় দু-তিনজন যুবক খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি খসরুলের পিঠের বাঁ পাশে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী খসরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।খালিশপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহআলম জানান, বোমা হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। কেউ গ্রেপ্তার হয়নি। কারা কী কারণে বোমা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। রাতে ঘটনাস্থল থেকে বোমার বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।এদিকে নগরের কলেজিয়েট স্কুলের পাশে খ্রিষ্টানপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চারটি বোমা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। র্যাবের সহকারী পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, জর্দার কোটার মধ্যে তৈরি বোমাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল।