খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের বাবুখান রোডে গতকাল সোমবার রাতে সন্ত্রাসীরা ব্যবসায়ী জাকির হোসেন সরদারকে (৫০) গুলি করে হত্যা করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের জাকির হোসেনের সঙ্গে তাঁর আপন বড় ভাই ইকবাল সরদার ও এলাকার কিছু লোকের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১ নভেম্বর জাকির শরাফপুর গ্রামে বোমা হামলার শিকার হন। এ ঘটনায় করা মামলায় তাঁর বড় ভাইসহ কয়েকজনকে আসামি করা হয়। আসামিরা সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন। ওই ঘটনার পর থেকে জাকির খুলনা নগরের টুটপাড়ার বাড়িতে থাকতেন। গতকাল রাত আটটায় তিনি নগরের বাবুখান রোডের মাথায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই সন্ত্রাসী এসে খুব কাছ থেকে জাকিরের বুকে গুলি করে পালিয়ে যায়। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।জাকির হোসেন চিংড়িঘেরের মালিক। তাঁর আটো রাইসমিলও রয়েছে।নিহত জাকিরের ভাগনে সাইফুল ইসলাম বলেন, ‘আগের হামলায় বাঁচলেও এবার আর বাঁচল না। যারা বোমা মেরেছিল, তারাই এবার গুলি করেছে।’খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, জমিজমা ও পারিবারিক বিরোধের জের ধরে আপন বড় ভাই ইকবাল সরদারই জাকিরকে হত্যা করিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইকবাল সর্বহারা দলের সঙ্গে সক্রিয়।