খুলনায় ভেজাল পণ্যে সয়লাব বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের খুলনা কার্যালয়ের কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এবং কর্মকর্তাদের অনীহা ও অদক্ষতায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) খুলনার কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। পূর্ণাঙ্গ ল্যাবরেটরি না থাকা এবং কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে পরীক্ষা ছাড়াই পণ্য বাজারজাত করার সুযোগ দেওয়ায় বর্তমানে খুলনার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অবাধে ভেজাল পণ্য বিক্রি হচ্ছে। বর্তমানে অতি প্রয়োজনীয় দেড় শতাধিক পণ্যের মধ্যে মাত্র ১৯টি পণ্য পরিপূর্ণভাবে খুলনার বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অন্যান্য পণ্যের পরীক্ষার জন্য রাজধানীর ল্যাবরেটরির ওপর নির্ভর করতে হয়।১৯৮৫ সালে খুলনায় বিএসটিআইয়ের কার্যক্রম শুরু হয়। সে সময় এ কার্যালয়ের অধীনে খুলনা বিভাগের আওতাধীন ১৬টি জেলা ছিল। পরবর্তী সময়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ভারী ও ছোট-বড় অনেক শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়। কিন্তু কোনো সময়ই বিএসটিআই খুলনা কার্যালয়ের ল্যাবরেটরি পূর্ণাঙ্গতা পায়নি। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে চলছে। যে কারণে প্রতিষ্ঠানটির দুর্বল দিকগুলো কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অবাধে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত করতে পারছে। পর্যাপ্ত লোকবলের অভাবে এসব প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিভাগে ১৩টি সিমেন্ট কারখানা, একটি রড তৈরির কারখানা, কয়েক শ ইটভাটা, কয়েক হাজার আটা, ময়দা ও বেকারি-সামগ্রী তৈরির প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএসটিআইয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ে সম্ভব হয় না। এমনকি জীবনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান পানি পরীক্ষারও কোনো ব্যবস্থা এখানে নেই। সবকিছুর জন্য নির্ভর করতে হচ্ছে রাজধানী ঢাকার ল্যাবরেটরির ওপর। পরীক্ষা-নিরীক্ষার জন্য সামান্য যেসব যন্ত্রপাতি ও রাসায়নিক পদার্থ আছে, তা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না লোকবলের অভাবে।খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিদর্শকের ১৬টি পদের মধ্যে খালি রয়েছে ১২টি, মাঠ কর্মকর্তার (ফিল্ড অফিসার) চারটি পদের বিপরীতে কাজ করছেন একজন; খালি আছে তিনটি। সহকারী পরিচালকের দুটি পদের বিপরীতে আছেন একজন। এসব কারণেই বিভাগের ১০টি জেলায় একযোগে কাজ করতে পারছে না বিএসটিআই। একদিকে অভিযান চালিয়ে অন্যদিকে গেলে আগের মতোই হয়ে যাচ্ছে অভিযানের স্থানগুলোর চিত্র। ফলে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মসলা, সরিষা, সয়াবিন ও নারকেল তেল থেকে শুরু করে নির্মাণসামগ্রী সিমেন্ট ও রড তৈরি হচ্ছে গুণগত মানহীনভাবে। তাই কিছুই করার থাকছে না খুলনা বিএসটিআই কর্তৃপক্ষের এবং নির্ভর করতে হচ্ছে ঢাকার রিপোর্টের ওপর।এ ব্যাপারে বিএসটিআইয়ের উপপরিচালক আবদুল বারী জানান, খুলনায় এখন আরও জনবলের পাশাপাশি একটি অ্যাটমিক অবজারভেশন স্পেকট্রা ফটো মিটার ও একটি কমপ্রেসিভ স্ট্রেন্থ মেশিন প্রয়োজন। এই মেশিন দুটি পাওয়া গেলে শতাধিক পণ্যের পূর্ণাঙ্গ পরীক্ষা করা সম্ভব হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।