খুলনায় মানসম্মত স্কুল-কলেজের অভাব, বিপাকে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জিলা স্কুলে এ বছর তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিয়েছিল শুভ। কিন্তু মেধা তালিকায় ছেলের নাম দেখতে না পেয়ে সবার সামনে কেঁদেই ফেলেন বাবা-মা। একই অবস্থা খুলনার আরও অনেক অভিভাবকের। জিলা স্কুল বা সরকারি করোনেশন গালর্স স্কুলে ভর্তি করাতে না পারলেই অভিভাবকেরা হতাশ হয়ে পড়েন। কারণ, এই দুটি স্কুল বাদে খুলনায় উল্লেখযোগ্য আর ভালো স্কুল নেই। স্কুলের পাশাপাশি খুলনা মহানগরে ভালো মানের উচ্চ মাধ্যমিক কলেজও নেই। সমস্যা সমাধানে শিক্ষাবিদেরা দ্রুত আরও কয়েকটি বেসরকারি স্কুলকে সরকারীকরণ করার পরামর্শ দিয়েছেন। আশু সমাধানে সরকারি চারটি স্কুলে আরেকটি শিফট চালুর কথাও উঠেছে। সেটি হলে আরও ৮০০ থেকে ৯০০ শিশু সরকারি স্কুলে পড়ার সুযোগ পাবে। জেলা শহর থেকে ১৯৮৭ সালে খুলনা মহানগরে রূপান্তরিত হয়। বর্তমানে নগরের লোকসংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতিদিনই তা বাড়ছে। অথচ এখানে সরকারি স্কুলের সংখ্যা মাত্র চারটি, যার সবগুলো স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত। এর মধ্যে দুটি মেয়েদের। স্বাধীনতার পর খুলনায় আর কোনো স্কুলকে সরকারীকরণ করা হয়নি। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনার সরকারি স্কুলগুলোয় প্রতি বছর চার থেকে পাঁঁচ হাজার শিশু ভর্তি পরীক্ষা দেয়। কিন্তু ভর্তির সুযোগ পায় মাত্র ৯৬০ জন। এ বছর খুলনা জিলা স্কুলে এক হাজার ২৪২ শিক্ষার্থীর মধ্যে ভর্তির সুযোগ পেয়েছে ৩৬০ জন। সরকারি করোনেশন গালর্স স্কুলে এক হাজার ২০০ জনের মধ্যে ৩৬০, সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে ৬০০ জনের মধ্যে ১২০ জন এবং সরকারি ল্যাবরেটরি স্কুলে ৫০০ জন পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছে মাত্র ১২০ জন। বাকি শিশুরা নগরের বেসরকারি নিম্নমানের স্কুলগুলোয় পড়তে বাধ্য হচ্ছে। খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম বলেন, খুলনা মহানগরের লোকসংখ্যা অনুযায়ী সরকারি স্কুল অপ্রতুল। এ ছাড়া যেসব বেসরকারি স্কুল আছে সেগুলোর লেখাপড়া আশানুরূপ নয়। আবার সেখানে সরকারি স্কুলের তুলনায় ব্যয় অনেক বেশি। তিনি বলেন, এবার নগরের সরকারি স্কুলগুলোয় ১০০ নম্বরের পরীক্ষায় ৯৬ দশমিক ৫-এর নিচে পাওয়া কোনো শিশুকে ভর্তি করা সম্ভব হয়নি। অথচ এই শিশুদের প্রায় সবাই কম-বেশি মেধাবী। নগরের লোকসংখ্যা অনুযায়ী এখানে আরও তিন থেকে চারটি সরকারি স্কুল প্রয়োজন।ভালো মানের স্কুল কম থাকায় প্রতি বছর নানামুখী চাপে পড়তে হয় বলে জানান সরকারি করোনেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ। তিনি বলেন, এর ফলে স্কুলের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক সময়েই সুপারিশ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পরিত্রাণ পেতে দ্রুত নগরে চার-পাঁচটি স্কুলকে সরকারীকরণ করা অপরিহার্য হয়ে পড়েছে। তবে এই মুহূর্তে সমস্যার আশু সমাধানে প্রয়োজন যে সরকারি স্কুলগুলো আছে সেখানে শিফট বাড়ানোর পাশাপাশি প্রতি শ্রেণীতে সেকশন বাড়ানো। এর ফলে আরও ৮০০ থেকে ৯০০ শিশু সরকারি স্কুলে পড়ার সুযোগ পাবে। সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ জাফর ইমাম বলেন, ঢাকাসহ দেশের অন্য কয়েকটি মহানগরের মতো ভালো মানের কলেজ খুলনায় নেই। ফলে খুলনার ছেলে-মেয়েরা পিছিয়ে পড়ছে। তাই খুলনায় আরও কয়েকটি সরকারি স্কুল ও কলেজ দ্রুত প্রতিষ্ঠা করা উচিত। সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ারুল কাদির জানান, সরকারি বিএল কলেজ ও সরকারি আযম খান কমার্স কলেজ থেকে ১৯৯২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণী প্রত্যাহার করা হয়। কিন্তু সেই মানের নতুন কোনো কলেজ প্রতিষ্ঠা করা হয়নি। এটাই খুলনা অঞ্চলের শিক্ষাকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বললেন, মহানগর খুলনায় লোকসংখ্যা অনুযায়ী সরকারি স্কুল ও ভালো মানের কলেজের অভাব রয়েছে। ফলে এখানকার ছেলে-মেয়েদের উচ্চমানের শিক্ষার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। ভালো মানের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার ওপর অসম্ভব চাপ পড়ছে। এ থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। এ জন্য খুলনায় বেশ কয়েকটি সরকারি স্কুল ও ভালো মানের কলেজ প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি উল্লেখ করে খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ে সাধারণভাবে খুলনাবাসী সন্তুষ্ট নয়।খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক এ টি এম জাকির হোসেন বলেন, নগরে লোকসংখ্যা অনুযায়ী সরকারি স্কুলের সংখ্যা বাড়েনি। ফলে চারটি সরকারি স্কুলের ওপর চাপ ক্রমাগত বেড়েই চলেছে। এ চাপ সহ্য করা স্কুলের প্রধান শিক্ষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। নগরের লোকসংখ্যা অনুযায়ী এই মুহূর্তে আরও অন্তত চার-পাঁঁচটি সরকারি স্কুল প্রতিষ্ঠা জরুরি। জাকির হোসেন জানালেন, সম্প্রতি শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান খুলনা এলে এ সমস্যার কথা তুলে ধরে আপাতত কিছুটা চাপ কমাতে নগরের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সরকারি ল্যাবরেটরি স্কুলে দুই শিফট চালু করে সেকশান বাড়ানোর আবেদন করা হয়েছে। এ ছাড়া নগরের কয়েকটি স্কুল সরকারীকরণের জন্যও আবেদন করা হয়েছে। নগরের সেন্ট জোসেফ স্কুল, ইকবাল নগর বালিকা বিদ্যালয়, পাইওনিয়ার বালিকা বিদ্যালয়, হ্যানে রেলওয়ে স্কুল, ফাতেমা স্কুল ও মডেল স্কুলের পড়াশোনার মান বাড়াতে তিনি উদ্যোগ নিয়েছেন।