খুলনায় শান্তি কমিটি গঠন করেছিলেন জামায়াত নেতা ইউসুফ: তদন্ত দলের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক যুুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রধান মো. হেলাল উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের নেতা মাওলানা এ কে এম ইউসুফ খুলনায় শান্তি কমিটি গঠন করেছিলেন।আজ বুধবার সকালে তদন্ত দলের সদস্যরা বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দেন।আন্তর্জাতিক যুুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা আজ বাগেরহাটে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।তদন্ত দলের প্রধান মো. হেলাল উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের সময় খুলনা বিভাগে প্রায় দেড় লাখ লোককে হত্যা করা হয়েছে।পত্র-পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে জানা যায়, সে সময় মাওলানা এ কে এম ইউসুফ প্রথমে খুলনা জেলায় রাজাকার ও শান্তি কমিটি গঠন করেন। তিনি ছিলেন খুলনার রাজাকার বাহিনীর সভাপতি। রাজাকার নাম তাঁরই দেওয়া।পরে দুপুরে তদন্ত দলের সদস্যরা বাগেরহাট সদর উপজেলার মুইট, বিষ্ণুপুর, কান্দাপাড়া ও কচুয়া উপজেলার শাঁখারিকাঠি বধ্যভূমি পরিদর্শন করেন। সেখানে তাঁরা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্যাদি সংগ্রহ করেন।এর আগে তদন্ত দল বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যু্দ্ধাপরাধ মামলা-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।বাগেরহাট জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩৩৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন ও ২৭৪ জন নিরীহ মানুষ নিহত হন। এ সময় ৩২০টি ঘরবাড়ি ও ১০টি হাটবাজারে অগ্নিসংযোগসহ জেলার একটি সেতু ধ্বংস করা হয়।বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ১৬টি বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় চারটি, ফকিরহাটে একটি, কচুয়ায় পাঁচটি, মোরেলগঞ্জে একটি, রামপালে দুটি ও মংলায় তিনটি।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর অন্যান্য অপরাধের বিষয়ে তদন্ত দলের কাছে বর্ণনা দেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিহত হওয়া ব্যক্তিদের স্বজনেরা।বাগেরহাট সফরকারী তদন্ত দলের অপর সদস্যরা হলেন মো. ওবায়েদ উল্লাহ, নূর হোসেন ও মো. শাহজাহান কবীর। —বাসস।