খুলনায় সন্ত্রাসীদের তালিকা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ দমনে খুলনা মহানগরীর পাঁচটি থানা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংগ্রহ শুরু করেছে পুলিশ। একই সঙ্গে গত এক যুগের পুরোনো সন্ত্রাসী তালিকাও হালনাগাদ করা হচ্ছে। এ তালিকা ওয়েবসাইটেও প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজের পাশাপাশি তালিকাভুক্ত সন্ত্রাসীদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। খুলনা মহাগর পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত মহানগরীর পাঁচ থানায় তালিকাভুক্ত সন্ত্রাসীর সংখ্যা এক হাজার ৩৪৫ জন। এর মধ্যে খুলনা সদর থানা এলাকায় ২৮০ জন, সোনাডাঙ্গায় ২৭৪ জন, খালিশপুরে ২৭৮ জন, দৌলতপুরে ২১৮ জন এবং খানজাহান আলী থানা এলাকায় ২৯৫ জন। এই তালিকা হালনাগাদসহ প্রত্যেক সন্ত্রাসীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ জন্য তালিকাভুক্ত প্রত্যেক সন্ত্রাসীর জন্য একটি করে ফাইল খোলা হয়েছে। ফাইলে সন্ত্রাসীর পূর্ণ নাম, ঠিকানা, বিগত দিনের মামলার বিবরণ ও ছবিসহ মোট ২০টি তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তবে এবারের রাজনৈতিক দৃষ্টিকোণের বাইরে একটি নির্ভুল তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যেসব সন্ত্রাসী মারা গেছে, বৃদ্ধ হয়েছে অথবা যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। এ ছাড়া তালিকাভুক্ত করা হবে নতুন অপরাধীদের। ইতিমধ্যে নগরীর সোনাডাঙ্গা থানা ও খানজাহান আলী থানার সন্ত্রাসী তালিকায় নতুন সন্ত্রাসীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সোনাডাঙ্গা থানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ছয়জন এবং খানজাহান আলী থানায় ৩২ জন। বাকি তিন থানায় এই প্রক্রিয়া চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে অর্ধেকই কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে রয়েছে। বিশেষ করে সন্ত্রাসীরা ক্ষমতাসীন দলের শেল্টারকে নিরাপদ মনে করে। যে দলই ক্ষমতায় থাকে সন্ত্রাসীরা সেই দলের শীর্ষ নেতাদের আশ্রয় নেয়। আবার পুলিশের বিশেষ অভিযান শুরু হলে সন্ত্রাসীরা আত্মগোপন করে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।’ খুলনা নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম প্রথম আলোকে বলেন, ‘পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে অনেকেরই পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত নেই। যে কারণে অনেক সময় ওই সন্ত্রাসীদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বেগ পেতে হয়। এ কারণে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সামাজিকভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণআন্দোলন সৃষ্টির জন্য ওয়েবসাইটে এই তালিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’