খুলনায় সন্ধ্যায় শ্রমিকনেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সরকারি খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেনকে (৫২) সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের মহেশ্বরপাশা শিকারী মোড়ে। ওই শ্রমিকনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় দোকানপাট এবং খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হত্যার খবর পেয়ে খুলনা নগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যায় মোদাচ্ছের হোসেন তাঁর জামাতা রাতুল হোসেনকে নিয়ে সিএসডি গুদাম থেকে রিকশায় করে মহেশ্বরপাশা ঘোষপাড়ায় তাঁর নিজ বাড়িতে ফিরছিলেন। শিকারী মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে তাঁকে কাছ থেকে কয়েকটি গুলি করে। মোদাচ্ছের রিকশা থেকে পড়ে গেলে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে জামাতা রাতুল হোসেন অক্ষত আছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিবিদ্ধ শ্রমিকনেতা মোদাচ্ছেরকে প্রথমে ফুলবাড়িগেট এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোদাচ্ছের খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের পর পর দুবার নির্বাচিত সভাপতি। খুলনা-২ আসনের সাংসদ ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু প্রথম আলোকে বলেন, পর পর দুবার নির্বাচিত মহেশ্বরপাশা খাদ্যগুদামের সভাপতি ও বিএনপির নেতা মোদাচ্ছেরকে সন্ত্রাসীরা কাছ থেকে কানের নিচে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের জন্য তিনি ক্ষমতাসীন দলের নেতাদের দায়ী করেন।রাতুল হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা সাত-আট জন ছিল। হত্যাকাণ্ডের পরপরই তারা এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। বিএনপির নেতা নজরুল ইসলাম আরও জানান, গত ২৫ জুন সিবিএর নির্বাচনে জয়ী হওয়ার পরদিন প্রতিপক্ষরা মোদাচ্ছেরের ওপর হামলা চালায়। হামলায় দুখু নামের তাঁর এক সহকর্মী আহত হন। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়। মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। আটজন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নিতে মোদাচ্ছেরকে হুমকি দিয়ে আসছিল।