খুলনায় স্কুলছাত্রীকে জবাই করে হত্যা
খুলনা নগরের খালিশপুর শিল্পাঞ্চলে ফাতেমা আকতার ওরফে মৌ (১৬) নামে মওলানা ভাসানী বিদ্যাপীঠের দশম শ্রেণীর এক ছাত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাউজিং নতুন কলোনি বঙ্গবাসী মোড়ে ফাতেমার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমার বাবা জয়নাল আবেদিন গতকাল বিকেলে ছেলে লিমনকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে যান। সন্ধ্যার দিকে ফাতেমার ফুফু রুমি বেগম তাকে ডাকাডাকি সাড়া না পাওয়ায় তিনি ফাতেমার ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই খাটের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় ফাতেমার গলাকাটা লাশ দেখে রুমি বেগম পুলিশ ও আশপাশের লোকজনকে খবর দেন।ফাতেমার বাবা জয়নাল আবেদিন বলেন, একটি মামলায় ফাতেমা তার মায়ের সঙ্গে প্রধান সাক্ষী ছিল। তাই প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে বলে জানিয়েছেন তিনি।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, ফাতেমার বাবার বিরুদ্ধে একাধিকবার বিয়ে করা ও ছেড়ে দেওয়া নিয়ে মামলা আছে। পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফাতেমার বাবা জয়নাল আবেদিন, মামা মুজিবুর রহমান ও মামি মনিরা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের ফুফু রুমি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।