খুলনায় স্পেশাল অলিম্পিকসের পঞ্চম আঞ্চলিক প্রতিযোগিতা সম্পন্ন
খুলনায় বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে স্পেশাল অলিম্পিকসের পঞ্চম আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২১ সেপ্টেম্বর প্রতিযোগিতা শেষ হয়। ১৯ সেপ্টেম্বর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক খুলনা বিকেএসপি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ, স্পেশাল অলিম্পিকস-বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ-উদ-দৌলা, গ্রামীণফোন লিমিটেডের ডিজিএম (রিলেশন্স) মুহাম্মদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। Êখুলনা ও বরিশাল বিভাগের প্রতিবন্ধী ক্রীড়াবিদেরা এ প্রতিযোগিতায় অংশ নেন। মোট সাতটি বিভাগের এ প্রতিযোগিতার বিষয়গুলো হলো একুয়াটিকস, ব্যাডমিন্টন, বৌচি, ফুটবল, টেবিল টেনিস ও ক্রিকেট। প্রতিবন্ধীদের ১২টি বিশেষ স্কুল ও প্রতিষ্ঠানের ১৫০ জন ক্রীড়াবিদ এ প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রতিযোগিতা থেকে মোট ২০ জন খেলোয়াড়কে ২০১১ সালে অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।২১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাংসদ লুৎফুল হাই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বত্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম, প্যানেল মেয়র আজমল আহমেদ, গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর আবু মামুন হাশমী প্রমুখ। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড (জিপি) বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে।