খুলনায় স্যামুয়েলস-ব্রাভোর রাজত্ব
আবুল হাসান ও মাহমুদউল্লাহর ভালো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৮৭ রান সংগ্রহ করে আজ খুলনা টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। বল হাতে শুরুটাও দুর্দান্তভাবেই করেছিল টাইগাররা। মাত্র ৪৩ রানের মাথায় সাজঘরে ফিরেছিলেন দুই উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল ও কাইরন পাওয়েল। তবে তারপর দিনের বাকিটা সময় আর কোনো সাফল্যের দেখা পাননি বাংলাদেশি বোলাররা। তৃতীয় উইকেটে ১৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে গেছেন মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো। তাঁদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে দুই উইকেট হারিয়ে ২৪১ রান জমা করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। ১০৯ রান করে অপরাজিত আছেন স্যামুয়েলস। শতকের পথে অনেকখানি এগিয়ে গেছেন ব্রাভোও। তিনি অপরাজিত আছেন ৮৫ রানে।খুলনা টেস্টের প্রথম দিনে ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলেন আবুল হাসান। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। ১০ নম্বরে ব্যাট করতে নেমে অভিষেকে শতকটি হাঁকিয়ে ১১০ বছরের পুরোনো রেকর্ড ঘাঁটতে বাধ্য করেছেন পরিসংখ্যানবিদদের। গতকাল ৩৬৫ রানে প্রথম দিন শেষ করার পর অনেকেই আশা করেছিলেন, আজ সংগ্রহটা ৪০০ রানের কোটা স্পর্শ করতে পারবে। কিন্তু আজ দ্বিতীয় দিনে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মাহমুদউল্লাহ ও হাসান। দিনের তৃতীয় ওভারে প্রথমে বিদায় নেন মাহমুদউল্লাহ। দুই ওভার পর সাজঘরমুখী হন আবুল হাসান।এরপর বল হাতেও শুরুটা দুর্দান্তভাবেই করেছিল বাংলাদেশ। উইন্ডিজ ইনিংসের ১০ম ওভারে কাইরন পাওয়েলের উইকেট তুলে নেন রুবেল হোসেন। দুই ওভার পরে বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলকেও সাজঘরমুখী করেন সোহাগ গাজী।