খুলনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে ভাঙচুর ও সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুরের কুলিবাগান এলাকায় খুলনা-যশোর মহাসড়কে বাসের চাপায় আবু শাহিন (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শাহিন খুলনা বি এল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে শাহিন বাইসাইকেল যোগে বাসায় ফেরার পথে কুলিবাগান কৃষি অফিসের সামনে নগর পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয় এবং সাইকেলের অন্য আরোহী শহিদুল ইসলাম মুন্সি গুরুতর আহত হন।পরে, দুপুর ১২টার দিকে শাহিনের মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সাতটি গাড়ি ভাঙচুর করেন এবং দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই মহাসড়ক অবরোধ করে রাখে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য শাহিনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।খবর পেয়ে চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলনার খানজাহান আলী থানার ওসি আলতাফ হোসেন চৌধুরী।উল্লেখ্য, শাহিন খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী গ্রামের আবু সুফিয়ানের ছেলে। তিনি কুলিবাগান এলাকায় গৃহশিক্ষক থেকে পড়াশোনা করতেন।