বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়নের ৫৯ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। খুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-এর বিচারক রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান আজ শনিবার এ রায় ঘোষণা করেন।সাজা পাওয়া জওয়ানদের মধ্যে ১১ জনকে সর্বোচ্চ ছয় বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তিনজনকে চার বছর, চারজনকে তিন বছর ছয় মাস, ১০ জনকে তিন বছর, একজনকে দুই বছর ছয় মাস, পাঁচজনকে দুই বছর, ছয়জনকে এক বছর ছয় মাস, পাঁচজনকে এক বছর, ১০ জনকে ছয় মাস এবং তিনজনকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আদালতের কার্যক্রম শুরু হয় আজ বেলা সোয়া ১১টায়। বিচারক প্যানেলে ছিলেন লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতে অন্যদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, মামলার কৌঁসুলি বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক এবং বিশেষ কৌঁসুলি গাজী জিল্লুর রহমান ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ২৩ রাইফেলের কিছু জওয়ান অস্ত্র হাতে বিদ্রোহ করেন। ওই দিন বেআইনিভাবে অস্ত্র দখলে নেওয়া, কর্মকর্তাদের ব্যক্তিগত দুটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, ভয়-ভীতি প্রদর্শন করে নিরস্ত্র সৈনিকদের অস্ত্র নিতে বাধ্য করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় গত বছরের ২৫ অক্টোবর বিচারকাজ শুরু হয়। গত ২২ ফেব্রুয়ারি ৫৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এঁদের মধ্যে ১০ জন দোষ স্বীকার করেন এবং বাকি ৪৯ জন নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় মোট ৩৬ জন আদালতে সাক্ষ্য দেন।