র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংস্কৃতিক সম্পাদক কাজী ফজলুর রহমান মহব্বত (৪০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি খালিশপুর উপজেলার সেন্ট্রাল নর্থ ব্লকে। গত বুধবার দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার রায়েরমহল বাস্তুহারা বাইপাস সড়কের রমজানের মোড়ে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে পরিবারের দাবি, মহব্বতকে দু-তিন দিন আগে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর খুলনায় এনে তাঁকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) পক্ষে ডুমুরিয়া থানায় দুটি মামলা করা হয়েছে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে র্যাবের একটি নিয়মিত টহল দল রায়েরমহল বাইপাস সড়কে যায়। ওই সময় একটি মোটরসাইকেলে করে তিন আরোহীকে খুলনা শহরের দিকে যেতে দেখে তাঁদের থামতে বলা হয়। কিন্তু আরোহীরা না থেমে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে র্যাব সদস্য এএসআই হরিদাস মজুমদার আহত হন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মোটরসাইকেলের সামনে থাকা মহব্বত বুকে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তাঁর সঙ্গের দুজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি দেশি পিস্তল, ছয়টি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও একটি নম্বরবিহীন বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।র্যার-৬-এর ভারপ্রাপ্ত কমান্ডার মীর মোদাচ্ছের হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে জানান, গুলিবিদ্ধ মহব্বতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে নিহত মহব্বতের এক আত্মীয় বলেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশ্যেই মহব্বতকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ দু-তিন দিন আগে তাঁকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে। পরে তাঁকে খুলনায় আনা হয় এবং গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহব্বতকে ১২ সেপ্টেম্বর খালিশপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, নিহত মহব্বতের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা ছিল বলে শুনেছি।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান গতকাল সন্ধ্যায় জানান, মহব্বতের নামে মুক্তিযোদ্ধা আলতাফ হত্যা মামলা ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ ছয়টি মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।