খুলনা২৯ ইউপিতে ভোট কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলার ফুলতলা, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদে কাল রোববার ভোট গ্রহণ হবে। ভোটের আগেই তেরখাদা উপজেলার ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী খুন হওয়ায় এবং বেশ কয়েকটি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তবে স্থানীয় ভোটাররা আছেন উৎসবের আমেজে। আর ভোট যত এগিয়ে আসছে, ততই উৎকণ্ঠা বাড়ছে প্রার্থীদের।গত ২৯ মার্চ জেলার বটিয়াঘাটা, দীঘলিয়া, পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলার ৩৮টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কয়রা উপজেলার সদর ইউনিয়নে ফলাফল ঘোষণা দিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। আরও কয়েকটি ইউনিয়নে কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। কোথাও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা লাঞ্ছিত হন, কোথাও স্থানীয়রা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। দ্বিতীয় পর্বের ভোটে এসব মোকাবিলার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।গতকাল রূপসা ও তেরখাদা উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ভোটের দিন কর্মীদের কাজ বণ্টন করছেন, পাশাপাশি জনসংযোগের কাজও সেরে নিচ্ছেন। প্রার্থীদের বাড়ি আর রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়গুলোতেও ভিড় লক্ষ করা গেছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশের এলাকা ছেয়ে গেছে পোস্টারে। পুলিশ ও র্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। অতিরিক্ত পুলিশও দায়িত্ব পালন শুরু করেছে।রূপসার শ্রীফলতলা ইউনিয়নের বাসিন্দা মোকলেস মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সব সময় মারামারি আর খুনের ঘটনা দেখে এসেছি। এবার এ ধরনের ঘটনা কম।’ তিনি বলেন, ভয় থাকে, সঙ্গে উৎসবের আমেজও।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই গতকাল শুক্রবার নিজ নিজ কেন্দ্র পরিদর্শন করেছেন।খুলনা জেলার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে রাজনৈতিক প্রভাব রয়েছে। তা ছাড়া একসময় এই এলাকাগুলোতে চরমপন্থীদের শক্ত অবস্থানও ছিল। এসব কারণে ভোট নিয়ে সাধারণ মানুষ ও প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা আছে। পুলিশ সবকিছু ঠিক রাখতে সতর্ক আছে।তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, যত সময় যাচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে। জয়-পরাজয়ের চেয়ে সবকিছু ভালোভাবে শেষ হলেই খুশি।বিএনপিতে ক্ষোভ, আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ১৭টি করে ইউনিয়নে জিতেছেন। তবে নির্বাচনে বিএনপি-জামায়াতের একক প্রার্থী ঘোষণা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে জোটপ্রার্থী হিসেবে ঘোষিত জামায়াতের প্রার্থীর পক্ষে জেলা বিএনপির নেতারা কাজ করতে গেলে তাঁরা স্থানীয় বিএনপির নেতাদের ক্ষোভের মুখে পড়েন।খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব ইউনিয়নের অধিকাংশ স্থানে বিএনপি-জামায়াত জোটসমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে দল দুটির নেতারা মতৈক্যে পৌঁছেছেন।অন্যদিকে প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের ফল নিয়ে দুশ্চিন্তায় আছেন দলটির জেলা পর্যায়ের নেতারা। একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার কারণে সহিংসতার আশঙ্কায় রয়েছেন নেতা-কর্মীরা।জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, ইউপি নির্বাচনে উপজেলা পর্যায়ের নেতারা প্রার্থীদের সমর্থন দিয়েছেন। জেলা পর্যায় থেকে কোনো প্রভাব খাটানো হয়নি।