খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস সাত দিন বন্ধ থাকার পর আজ রোববার খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীরা ক্লাসে যোগ না দিয়ে ক্যাম্পাসের তিন রাস্তার মোড়ে অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি শুরু করেছে। তাঁদের দাবি, তুচ্ছ ঘটনার জের ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি শিক্ষার্থীদের বহিষ্কারসহ যেসব শাস্তি দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। তাঁদের দাবি পূরণ না হলে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।তবে শিক্ষার্থীদের এ কর্মসূচির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।এদিকে আজ বিশ্ববিদ্যালয় খোলা উপলক্ষে গতকাল থেকেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিচয়পত্র, মেডিকেল কার্ড ও লাইব্রেরি কার্ডের কোনোটি দেখাতে না পারলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।প্রসঙ্গত, ৫ এপ্রিল এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে পর দিন ৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনার তদন্ত ও দোষীদের শনাক্ত করার জন্য ওই দিনই সিন্ডিকেটের ১৪২তম জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের ১৪৩তম সভায় চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, সাতজনকে দুই বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের জন্য বহিষ্কার করে। এ ছাড়া ১৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।