দুপুর ১২টা। চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ের আকবর শাহ মাজারের সামনের একটি জায়গায় ওপরে শামিয়ানা টানানো হয়েছে, চারপাশ কাপড়ে ঘেরা। সেখান থেকে মেজবানের মাংসের খুশবু ছড়িয়ে পড়ছে আশপাশে। ভেতরে গিয়ে দেখা যায়, বড় বড় চারটি হাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। রমজানের সময় দিনের বেলা কেউ কি তবে মেজবান দিয়েছে? বড় বড় হাঁড়িতে মাংস তৈরি হয়েছে বটে, তবে তা মেজবানের জন্য নয়, ইফতারের খাবার হিসেবে বিক্রি হবে। এ জন্যই এখানে বসেছে অস্থায়ী দোকান। টানানো হয়েছে ব্যানার, ‘মেজবানের মাংস ও চানার ডাল, আখনি বিরিয়ানি পাওয়া যায় এখানে’। খুশবু ছড়ানো গরম গরম মাংসের দিকে তাকিয়ে দোকানি সালেহ আহমেদ বলেন, ‘পারলে এখনই কিনে নিয়ে যেতে পারেন। প্রতি কেজি ৪০০ টাকা, চানার ডাল ১২০ টাকা, হালিম ৩০০ এবং আখনি বিরিয়ানি ২০০ টাকা।’প্রায় আট বছর ধরে প্রতি রমজানে মেজবানের মাংস বিক্রি করে আসছেন সালেহ আহমেদ। সকাল নয়টা থেকে রান্না শুরু হয়। দুপুর ১২-১টার মধ্যে শেষ হয়। চট্টগ্রামে ইফতারির তালিকায় মেজবানের মাংসের ঐতিহ্য দীর্ঘদিনের। রমজান এলেই এ রকম ছোট ছোট দোকানে মেজবানের মাংস বিক্রির ধুম পড়ে যায়। দেওয়ানহাটে মেজবানের মাংস কিনতে আসা রফিক উদ্দিন বলেন, ঢাকা থেকে আসা এক বন্ধুর জন্য মেজবানের মাংস কিনেছেন। বন্ধুটি দুই বছর আগে একবার খেয়েছিল। ভুলতে পারেনি স্বাদ। তাই এবার এসে আবদার করেছে মেজবানের মাংস খাওয়ার।১৯৯৬-৯৭ সালে চট্টগ্রামের চৌমুহনী এলাকার পীরবাড়ির সামনে প্রথম রমজানে মেজবানের মাংস রান্নার রেওয়াজ চালু হয়। সেই থেকে তা ছড়িয়ে পড়ে নগরের আনাচকানাচে। এখন মেজবানের মাংস বিক্রি হচ্ছে চট্টগ্রামের চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, বন্দরটিলা, সল্টগোলা, চৌমুহনী, কর্নেলহাট, পাঠানটুলী, ফকিরাহাটসহ নগরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ছোট দোকান এবং ছোট-বড় হোটেলে। গতকাল বিকেলে চৌমুহনী পীরবাড়ির সামনের সেই পুরোনো দোকানে গিয়ে দেখা যায়, টেবিলে ছোট ছোট প্লাস্টিকের বাটি সাজানো। খানিক দূরে বড় হাঁড়িতে রান্না করা গরম খাবার। ক্রেতারা ঘিরে ধরেছেন বিক্রেতাকে। বিক্রেতা মো. নিজাম উদ্দীন জানালেন, ‘আমরাই চট্টগ্রামে প্রথম রমজান মাসে মেজবানের মাংস বিক্রি চালু করি। মেজবানের মাংসের প্রতি সবারই একটা আলাদা আকর্ষণ থাকে। তাই ইফতারির উপকরণ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।’ প্রতিদিন ৩৫-৪০ কেজি গরুর মাংস রান্না হয় এখানে। চানার ডাল চার-পাঁচ কেজি। গত রমজানে এক দিনেই রান্না হয়েছিল ৭৫ কেজি মাংস। প্রতিদিন খরচ বাদে হাজার পাঁচেক টাকা আয় থাকার কথা বলেন নিজাম উদ্দীন। চট্টগ্রামের জিইসি মোড়ের ওয়েল পার্ক হোটেলের হেড অব মার্কেটিং মো. হাসানুল ইসলাম জানান, এবারের রমজানে ইফতারির তালিকায় তাঁরা অন্যান্য খাবারের পাশাপাশি মেজবানের মাংসও পরিবেশন করছেন। চট্টগ্রামের হোটেল জামান অ্যান্ড বিরিয়ানি হাউসের তিনটি শাখায় চার বছর আগে থেকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রি হচ্ছে মেজবানের মাংস। এ ব্যাপারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. হোসেন জামান বলেন, ‘আমরা রমজানে কোর্ট বিল্ডিং শাখায় প্রথম মেজবানের মাংস বিক্রি শুরু করি। এরপর আমাদের ইপিজেড ও চকবাজার শাখায় মেজবানের মাংস বিক্রি হতে থাকে।’