খুশি নন পন্টিং
পরশু কেনিয়ার বিপক্ষে জয়টা রিকি পন্টিংকে নিশ্চয়ই ভাবিয়ে তুলেছে। হতে পারে ৬০ রানের জয়। কিন্তু এই জয়টাও স্বস্তিতে রাখছে না অস্ট্রেলিয়ার অধিনায়ককে। পুরো ৫০ ওভার খেলেছে কেনিয়া। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন কলিন্স ওবুইয়া।১৯৯৯ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘টাই’ সেমিফাইনালের পর ৫ মার্চ বিশ্বকাপের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু পেয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। মাঝখানের ২৫ ম্যাচে টানা জয়! জয়যাত্রায় ছেদ পড়লেও অপরাজেয় যাত্রাটা কিন্তু ঠিকই থামেনি। ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে ১০ রানে হারার পর এই নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আছে অস্ট্রেলিয়া!এই অপরাজিত থাকা নিয়ে অস্ট্রেলিয়ার গর্ব আছে। কিন্তু কেনিয়ার বিপক্ষে ম্যাচে নিজেদের বাজে বোলিং নিয়েই বেশি বলতে হলো পন্টিংকে, ‘এই টুর্নামেন্টে মাঝের ওভারগুলোয় যখন বল পুরোনো হয়ে যায় এবং উইকেটে স্পিন ধরতে শুরু করে, তখনই আমরা স্পিনারদের নিয়ে আসি। তারা সাফল্যও পায়। কিন্তু আজ রাতে (পরশু) এটা হয়নি।’কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর মাঝের এক সপ্তাহ বিরতি পেয়েছে অস্ট্রেলিয়া। এতে লাভের চেয়ে বরং ক্ষতিই হয়েছে বলে মনে করেন পন্টিং, ‘খেলার মাঝখানে লম্বা বিরতি পেয়ে আমরা একটু বাজেই খেলেছি।’ শ্রীলঙ্কায় বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর এটাই ছিল অস্ট্রেলিয়ার পুরো ৫০ ওভারের ম্যাচ। পুরো ৫০ ওভার খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি অস্ট্রেলীয় অধিনায়ক, ‘আমরা খুবই ভালোভাবে ৫০ ওভার ব্যাট করেছি এবং ৫০ ওভার বল করেছি। সব বোলারই ভালো করেছে। এমনকি মাইকেল ক্লার্কও ৫-৬ ওভার বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছে।’কেনিয়াকে অলআউট করতে পারেনি। মাত্র ৬ উইকেট নিতে পেরেছে চ্যাম্পিয়নরা। তার পরও পন্টিং হতাশ নন, ‘আমরা এই ম্যাচে আরও বেশি উইকেট নিতে পারতাম, এতে কোনো সন্দেহ নেই। তবে তার পরও আমি হতাশ নই।’এবারের বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষেই প্রথম ম্যাচ খেললেন মাইক হাসি। ছোট ভাই ডেভিড হাসির জায়গায় সুযোগ পাওয়া হাসি এসেই দেখিয়ে দিলেন, অস্ট্রেলিয়া দলে তাঁর প্রয়োজন কতটা। ১৪৩ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস জুটি হয়েছে হাসির সঙ্গেই মাইকেল ক্লার্কের। দুজনই করেছেন ৫৪ রান করে। ম্যাচ শেষে হাসির প্রশংসায় পঞ্চমুখ পন্টিং, ‘ও যেভাবে খেলেছে, সেটা সে খেলতে পারে, আমরা জানি। এটাই ওর প্রতিভা এবং ও নিজের অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে।’ওদিকে হেরেও খুশি কেনিয়ার অধিনায়ক জিমি কামান্ডে, ‘আমাদের আজকের পারফরম্যান্সই বলছে, আমরা উন্নতি করেছি। তন্ময় মিশ্র, কলিন্সের ব্যাটিং ছিল চমৎকার এবং নেহেমিয়ার বোলিংও অনেক ভালো হয়েছে। এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। কলিন্সের সেঞ্চুরিটা হয়নি বলে একটু খারাপই লাগছে।’ এএফপি।