খুশির ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বিকেল থেকে আকাশপানে নিবদ্ধ হবে অগণিত জনের উৎ সুক দৃষ্টি। কারণ, আকাশের গায়ে যে ঈদের চাঁদ উঠবে, তা নিয়ে আসবে আনন্দের বার্তা। কাল বুধবার, নাকি পরদিন বৃহস্পতিবার উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর—আকাশে উঁকি দেওয়া শাওয়ালের একফালি চাঁদই অবসান ঘটাবে এই দ্বিধাদ্বন্দ্বের। চাঁদকে ঘিরে প্রতিবারই থাকে এই আনন্দময় অনিশ্চয়তা। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।চাঁদ দেখা গেলে সরকারি ঘোষণার সমান্তরালে বাজবে সাম্যের কবি নজরুলের অমর গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ...’। পাড়া-মহল্লায় মসজিদের মাইকে ভেসে আসবে ‘ঈদ মোবারক’ ধ্বনি। ‘পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ মোবারক! আস্সালাম!’ নজরুলের অনুকরণে শুরু হবে ঈদের শুভেচ্ছা বিনিময়। জানিয়ে দেওয়া হবে ঈদের জামাতের সময়সূচি।ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফনির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, ইসলামের সাম্যের এক বড় পরিচয়ও উদ্ভাসিত হয় ঈদে। ইসলাম ধর্মের দুই ঈদের মধ্যে এক মাসের রোজার কারণে ঈদুল ফিতরের প্রস্তুতি-আয়োজন নজর কাড়ে।গত এক মাস ছিল সংযমের। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় রোজা পালন করেছে কোটি ধর্মপ্রাণ মানুষ। ঘরে ঘরে, মসজিদে-মক্তবে করা হয়েছে কোরআন খতম। ইবাদত-বন্দেগির পাশাপাশি ছিল ঈদ উপলক্ষে সবার জন্য নতুন পোশাক সংগ্রহের চেষ্টা। নিজের আর প্রিয়জনের জন্য সাধ্যমতো পোশাক-আশাক কেনার আনন্দই বা কম কিসে! সবশেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে বহু কষ্টে বাড়ি ফেরার আয়োজন। পুরো একটি মাস যেন আবর্তিত হয়েছে এই ঈদকে ঘিরে।এখন অপেক্ষা কেবল ঈদের চাঁদের। চাঁদ দেখার জন্য আছে সরকারি উদ্যোগ-আয়োজন। পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৩২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ ও ফ্যাক্স নম্বর ০২-৯৫৬৩৩৯৭-এ অথবা অন্য যেকোনো উপায়ে কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা গেলেই ঘরে ঘরে শুরু হবে সাধ্যমতো উপাদেয় খাবার আয়োজনের তোড়জোড়। ‘সেমাইয়ের ঈদ’ নামে প্রচলিত এই ঈদে নানা রকম সেমাইয়ের সঙ্গে থাকবে ফিরনি, পিঠা, পায়েস, পোলাও, কোরমাসহ সুস্বাদু খাবারের সম্ভার। বিশেষ আয়োজন থেকে বাদ যাবেন না রোগী, বন্দী বা বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীরাও। রোগীদের জন্য হাসপাতালে, এতিমদের জন্য এতিমখানায় ও বন্দীদের জন্য কারাগারগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা থাকবে প্রথাগতভাবে। সরকারি শিশুসদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রেও থাকবে খাবার ও বিনোদনের বিশেষ ব্যবস্থা।ঈদ উপলক্ষে বড় শহর ও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোও সাজছে উৎ সবের সাজে। রাজধানীতে বনানী থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক-খচিত ব্যানার দিয়ে সাজানো হবে। ঈদের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবনগুলোতেও আলোকসজ্জা করা হবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সব শিশুপার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে। জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশনগুলো দেশব্যাপী ঈদ উদ্যাপনের প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও সরকারি কর্মসূচির আলোকে ঈদ উদ্যাপন করা হবে। ঈদ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো ইতিমধ্যে প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। আর এই আনন্দকে বাড়িয়ে দিতে আছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঈদের বিশেষ অনুষ্ঠানমালা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। এসব বাণীতে তাঁরা দেশবাসীর মঙ্গল কামনা করেছেন।