খেজুর গুড়ের চা!
ক্যাম্পাসের আড্ডায় হাতে ধূমায়িত চায়ের কাপ। আলোচনার টেবিলে কথার ফাঁকে ফাঁকে চায়ে চুমুক দেওয়া। আবার বিকেলের চায়ের টেবিলে বই পড়া। সব মিলিয়ে নাগরিক জীবনে চায়ের মতো সার্বক্ষণিক পানীয় বোধহয় আর দ্বিতীয়টি নেই। এখনকার দিনে কুয়াশাভেজা সকালে কিংবা হিমঝরা সন্ধ্যায় কড়া এক কাপ চা যেন অমৃত। আর চায়ে চিনির বদলে যদি দেওয়া হয় খেজুরের গুড়, তবে তো তাতে থাকে শীতের পিঠার সুবাস। তাই এখন চা-পিয়াসীরা খুঁজে খুঁজে বের করছেন গুড়ের চায়ের দোকান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মওদুদ ও তাঁর বন্ধুরা প্রায়ই গুড়ের চা খেতে যান ছবির হাটের বটতলায়। চারুকলার উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানের একটি দোকানে গুড়ের চা পাওয়া যায়। দোকানটিতে সন্ধ্যা লাগার পরপরই চা-প্রেমীদের ভিড় বাড়তে থাকে। শীতের সময় নতুন খেজুরের গুড় পাওয়া যায় বলে চা বিক্রি বাড়ে, এমটাই জানালেন এই দোকানের এক বিক্রয়কর্মী।নগরের চায়ের দোকানিরা গুড়ের চা বেশ যত্ন করে বানান। নিকেতনের ৫ নম্বর গেট দিয়ে মহাখালীর দিকে যেতেই নিকেতন বাজারে বেশ কিছু চায়ের দোকান চোখে পড়ে। এখানে আবার গরুর দুধের চায়ের সঙ্গে খেজুরের গুড় দেওয়া হয়। নিকেতনের বাসিন্দা কাজী রাব্বি জানান, নিকেতন বাজারে খেজুরের গুড় দেওয়া হয় খরচ কমানোর জন্য।এদিকে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে ১১ নম্বর সেকশনের দিকে যাওয়ার সময় হাতের ডানেই একটি দোকানে গুড়ের চা পাওয়া যায়। মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের বাসিন্দা ডলি মণ্ডল বলছিলেন, অফিস থেকে বাসায় ফেরার পথে প্রায়ই এখানে এক কাপ চা খান তিনি। তাঁর ভাষ্য, ‘শীতের সময় খেজুরের গুড়ের চায়ের স্বাদটা যেন জিবে লেগে থাকে!’স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের একটি দোকানেও গুড়ের চা পাওয়া যায় বলে জানালেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি বলেন, অনেকেই তো চায়ে চিনি খেতে পারেন না। তাঁরা ইচ্ছা করলে গুড়েরটা একবার চেখে দেখতে পারেন। মিজানুরের কথার সঙ্গে তাঁর বন্ধু অর্ণা রহমান যোগ করলেন, ‘চিনির চা খেয়ে খেয়ে আমাদের আসলে জিব পচে গেছে। তাই আমরা খেজুরের গুড়ের মর্ম বুঝি না।’ শীতের শেষার্ধে সারা দেশের গাছিরা এখন ব্যস্ত খেজুরের গুড় বানাতে। নতুন গুড়ের চেহারা দেখলেই তা বোঝা যায়। এ বিষয়ে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের গুড়ের চা বিক্রেতা মোহাম্মদ হানিফ জানান, গুড়ের চা খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল। কারণ গরমের সময় খেজুরের গুড় কিছুটা কটু হয়ে যায়। খেজুর গুড়ের চা খেতে চাইলে পথে নামতে হবে। কেননা রাস্তা বা উদ্যানের পাশে খোলা দোকানে মেলে এই চা।