খেজুরের আলাপ
রমজান মাসে সারা দিনের রোজার পর যেই মাগরিবের আজান পড়ে, অমনি এক গ্লাস পানি আর একটি খেজুর মুখে দিয়ে রোজা ভাঙা। আহ! কী তৃপ্তি! তারপর আসে ইফতারির নানান পদ। ঘরে ঘরে পদের ভিন্নতা থাকে। একজনের ঘরে ভাজাভুজি তো আরেকজনের ঘরে বুট-মুড়ি মাখা। ইফতারে মিল কিন্তু একটা জায়গায় পাওয়া যায়, সে ধনী হোক কিংবা গরিব; সবার ঘরেই ইফতারিতে খেজুর থাকবেই। তাই রমজান মাসে শহরজুড়ে খেজুরের ব্যবসাটা চলে বেশ রমরমা। ফলের দোকানগুলোয় খেজুর থাকে অন্য সব ফলের সামনে। শুধু খেজুর বিক্রি করতেও কেউ কেউ উঠেপড়ে লেগে যায় এ সময়।বাজার ঘুরতে ঘুরতে বেশ কয়েক রকম খেজুর চোখে পড়ল। এর মধ্যে সবচেয়ে পরিচিত যে জাতটি, তার নাম হলো বাংলা খেজুর। এই খেজুরের সঙ্গে আমরা সবাই পরিচিত। নামে বাংলা খেজুর হলেও এর উৎপত্তি কিন্তু মোটেই বাংলাদেশে নয়। এই খেজুর আসে পাকিস্তান থেকে। লাল এবড়োখেবড়ো, মিষ্টি ও প্রচণ্ড আঠালো হয় বাংলা খেজুর। আর দামে অপেক্ষাকৃত সস্তা বলেই এই খেজুরের চাহিদা খুব বেশি। ৫৫-৭০ টাকা দাম পড়ে কেজিপ্রতি।বাংলা খেজুরের পর আসে খোরমা খেজুরের নাম। অনেকেই ইফতারিতে খোরমাটাকে বেশ প্রাধান্য দেন। খোরমা হলো খেজুরের শুকনো চেহারা। দুই রকমের খোরমা পাওয়া যায় বাজারে। সাদা আর কালো খোরমা। সাদা খোরমা স্বাদে খানিকটা কষ্টা ধরনের হয়, তবে এর বিভিন্ন রকম উপকারিতা রয়েছে বলে দাবি করলেন দোকানিরা। আর কালো খোরমা মিষ্টি ও সুস্বাদু। দামে অবশ্য দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, প্রতি কেজি খোরমার দাম পড়ে ১০০-১২০ টাকা। দেখতে অনেকটা বরইয়ের মতো বলেই এর নাম হয়ে গেছে বরই খেজুর। গায়ে পুরু মাংস আর ভেতরে ছোট আকারের বীচি থাকে। রং খানিকটা কালো। লুলু আর আজওয়া এই দুই নামে বরই খেজুর মেলে বাজারে। দাম পড়বে ২০০-২৩০ টাকা কেজি। অনেকটা খোরমার মতো দেখতে আরেক ধরনের খেজুর রয়েছে বাজারে। এর নাম নাগাল খেজুর। বিক্রেতারা জানালেন, এই খেজুর দুবাই থেকে আসে। এর দাম পড়ে ১০০-১৫০ টাকা প্রতিকেজি। আবার মদিনা মনোয়ারা থেকে এক ধরনের ভেজা ভেজা রসাল খেজুর আসে প্যাকেটজাত অবস্থায়। আধা কেজির এক প্যাকেটের দাম ২০০ টাকা।আরেক ধরনের খেজুর রয়েছে, যাকে বলে দাপাস খেজুর। প্রচলিত ভাষায় অবশ্য মরিচা খেজুর বলেই ডাকা হয় একে। খানিকটা আঠালো গোছের হয় মরিচা খেজুর। দেখতে কালো আর খানিকটা বদখত। তবে স্বাদের জন্য নামডাক কিন্তু কম নয় এ খেজুরের।দেখার সৌন্দর্যের জন্য অবশ্য তিউনিসিয়ার খেজুরকে এক শতে এক শ দিতে হয়। সাদা প্লাস্টিকের সুদৃশ্য ট্রেতে ছিমছাম করে গোছানো খেজুর স্বচ্ছ সেলোফেনে মুড়িয়ে প্যাকেট করে বিক্রি করা হয়। প্রতি প্যাকেটের দাম পড়ে ২০০ টাকা। আবার বোঁটাসুদ্ধ তিউনিসিয়ার খেজুরের বড় প্যাকেটও পাওয়া যায় বাজারে। এর দাম পড়ে প্রায় ৯০০-১০০০ টাকা। প্রায় দুই কেজির মতো খেজুর থাকে এসব প্যাকেটে।ইদানীং অবশ্য খেজুরের বাজারে এসেছে নতুন এক পদ, সেটা হচ্ছে বীজবিহীন খেজুর। মুখে পুরেই যাতে চট করে খেয়ে ফেলা যায়, সে জন্য চীনারা খেজুরের ভেতর থেকে বীজ বের করে সেই খেজুর বাক্সে পুরে পাঠিয়ে দিয়েছে এ দেশে। আর ২৫০ টাকা কেজি দরে সেটা বিক্রিও হচ্ছে বেশ।তবে বাজারের সব খেজুরের মধ্যে সবচেয়ে সুস্বাদু আর অভিজাত বলে সুনাম রয়েছে সৌদির মরিয়ম খেজুরের। প্রায় আঙুলের সমান লম্বা হয় এক একটা খেজুর। দেখতে কালো, খেতে দারুণ মিষ্টি আর সুস্বাদু। অন্য রকম একটা গন্ধ থাকে এ খেজুরে। অবশ্য সবার সৌভাগ্য হয় না এই খেজুর মুখে তোলার। কেননা নাম আর স্বাদের মতো এর দামটাও বেশ চড়া। ৫৫০-৬০০ টাকায় বিক্রি হয় প্রতি কেজি মরিয়ম খেজুর।এত পদের খেজুরের কথা হলো, কিন্তু বাংলাদেশের খেজুর কই? দোকানিদের কাছে জানতে চাইলে তাঁরা সবাই একবাক্যে জানালেন, বাংলাদেশের খেজুর মোটেই ভালো হয় না। খুবই ছোট ছোট খেজুর ফলে। তাতে মাংস থাকে না। স্বাদও খুব একটা ভালো নয়। সে কারণে এ খেজুর বিকোয় না সহজে। তাই বাজারে বাংলাদেশের খেজুরের কোনো পাত্তা নেই। অর্থাৎ আমাদের আশপাশে খেজুর যা বিক্রি হয়, তার সবটাই আসে বিদেশ থেকে।ঘুরতে ঘুরতে দেখা গেল, অনেক দোকানি খেজুরের গায়ে বেশ কষে তেল মারছেন। এর ব্যাখ্যাটা কী জানতে চাইলে খেজুর বিক্রেতা বেলাল হোসেন হেসে ফেললেন। বললেন, ‘তেল কি আর সাধে মারি? খেজুর খুব মিষ্টি ফল তো, মাছি ঘুরঘুর করে সব সময়। সরিষার তেল মাখলে সেই ঝাঁজে মাছি খেজুরের কাছে আসে না। মাছি দূরে রাখতেই তাই খেজুরের ওপর তেল মাখতে হয়।’