খেজুরের কাঁটা ঢুকিয়ে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন একজন গৃহবধূ (৪৫)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামের এই গৃহবধূর অভিযোগ, স্বামী আবদুল হামিদের অমানুষিক নির্যাতনে তাঁর এ অবস্থা।গৃহবধূর ভাষ্য, তাঁর সঙ্গে পরপুরুষের সম্পর্ক থাকার সন্দেহে গত বুধবার দুপুরে স্বামী হামিদ স্থানীয় একটি আখখেতে নিয়ে তাঁর ওপর এই নির্যাতন চালালে তিনি গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ওই হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তাঁর ছেলে গতকাল রাতেই দৌলতপুর থানায় একটি মামলা করেন। হাসপাতালে প্রথম আলো ডটকমকে দেওয়া গৃহবধূর ভাষ্য, গত বুধবার ঘাস কাটার জন্য হামিদ তাঁকে মাঠে ডেকে নিয়ে যান। দুপুরের দিকে হামিদ তাঁকে পাশের আখখেতে নিয়ে দড়ি দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলেন। এরপর হামিদ হাঁসুয়া দিয়ে তাঁর চুল কেটে দেন। গৃহবধূ এর কারণ জানতে চাইলে হামিদ হাঁসুয়াটি তাঁর গলায় ঠেকিয়ে তাঁর সঙ্গে কার কার অবৈধ সম্পর্ক রয়েছে, তা জানতে চান। গৃহবধূ এতে ভয় পেয়ে যাঁর নাম মনে এসেছে, তাঁর নামই বলেন। হামিদ মুঠোফোনে তা রেকর্ড করেন। এর পর গৃহবধূর মুখে কাপড় গুঁজে তাঁর বুকে চার-পাঁচটা খেজুরের কাঁটা ঢুকিয়ে দেন হামিদ। মুখে কাপড় থাকায় তিনি চিত্কার করতে পারেননি। এ সময় তাঁর গোপনাঙ্গেও খেজুরের কাঁটা ঢুকিয়ে খোঁচান হামিদ। একপর্যায়ে স্বামী তাঁকে সেখানে ফেলে চলে যান। যাওয়ার সময় সন্ধ্যায় এসে জবাই করবেন বলে হুমকি দিয়ে যান। গৃহবধূ বলেন, স্বামী চলে যাওয়ার পর তিনি অনেক চেষ্টা করে হাত-পায়ের বাঁধন খুলে নিজেই বুকের কাঁটাগুলো বের করে বাড়িতে পালিয়ে আসেন। তবে স্বামী আর বাড়ি ফেরেননি। হাসপাতালে গৃহবধূর সঙ্গে থাকা ভাসুরের মেয়ে বিনা খাতুনের ভাষ্য, তাঁর চাচি সাত সন্তানের মা। মেয়ের বিয়ে দিয়েছেন। চাচির চরিত্র সম্পর্কে তাঁরা কোনো দিন এ ধরনের খারাপ কথা শোনেননি। তাঁর চাচাই খারাপ। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সাইফুল ফেরদৌস বলেন, গৃহবধূর ওপর নির্যাতন সব বর্বরতাকে হার মানিয়েছে। তাঁর অবস্থা দেখে প্রথমে তাঁকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শরীর থেকে কাঁটা বের করা হয়। আজ সকালে তাঁকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসেন। কিন্তু তাঁর গোপনাঙ্গে আরও কাঁটা থাকায় তাঁকে আবার তিন নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। ওই ওয়ার্ডের চিকিত্সক নূর-ই-জান্নাত বলেন, সকালে তিনি গৃহবধূর গোপনাঙ্গ থেকে দুটি কাঁটা অপসারণ করেন। তাঁর ধারণা, গৃহবধূর শরীরে আর কোনো কাঁটা নেই।কুষ্টিয়ার দৌলতপুর থানার উপপরিদর্শক আবদুল খালেক জানান, এ ঘটনায় ওই দম্পতির ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা করেছে। আবদুল হামিদ ঘটনার পর থেকে পলাতক।