খেজুরের গুড়ে চিনি, ফাটলে দোষ দুধের
সমস্যাটা কর্তারা বুঝবেন না। তাঁরা বড়জোর আক্ষেপ করে বলবেন, ‘না আগের মতো আর নেই, সেই স্বাদ, সেই সৌরভ।’ সমস্যার স্বরূপ জানবেন গৃহিণীরা, বিশেষ করে রান্নাঘরের সঙ্গে যাঁরা নিবিড় সম্পর্কটি এখনো টিকিয়ে রেখেছেন। ফুটন্ত দুধের হাঁড়িতে যখনই খেজুরের গুড়ের সংযোগ হচ্ছে, অমনি দুধ ফেটে ছানা! কী আর করা! অগত্যা তাতেই চিতই, পুলি, পাটিসাপটা ছেড়ে দিয়ে ভাগ্যের ওপর দোষ চাপিয়ে মনে সান্ত্বনা খোঁজা।অনেকেরই হয়তো এমন অভিজ্ঞতা হয়েছে এবারের শীতে খেজুরের গুড়ের পায়েস বা দুধে ভেজানো পিঠার আয়োজন করতে গিয়ে। বাস্তবে সমস্যাটি কিন্তু অন্যখানে। দোষ দুধের নয়, পিঠারও নয়; ভাগ্যের তো নয়ই। সমস্যা গুড়েই। আবহমানকাল থেকে বাঙালির অতিপ্রিয়, শীতের অতুলনীয় উপহার খেজুরের পাটালি আর আগের মতো বিশুদ্ধ নেই। নানাবিধ উপযোগের মিশ্রণে এর শুদ্ধতা অপহূত, স্বাদ-সৌরভ ক্ষুণ্ন। পাটালি ভেজাল সহ্য করে না। তাই ভেজাল গুড় মেশানো মাত্র দুধ ফেটে ছানা। ঢাকার বাজারে খেজুরের গুড় ৭০ টাকা কেজি, চিনি ৫৫ টাকা। অতএব, খেজুরের গুড়ে চিনির ভেজাল, সঙ্গে হাইডোজ নামের রাসায়নিক পাউডার।সিউলির শিল্প: বাংলার খেজুর মধ্যপ্রাচ্যের খেজুরের মতো বিখ্যাত নয়। তা সত্ত্বেও এই কণ্টকময় শুকনো খড়ি মার্কা গাছের বুক থেকে সুমিষ্ট যে রসধারা গভীর যত্নে বাঙালির হাতে উদ্গত হয়ে আসছে, তার তুলনা নেই। এ ক্ষেত্রে যশোর-খুলনা অঞ্চলবাসীর কৃতিত্ব কিংবদন্তিসম, ইদানীং তাতে ভাগ বসিয়েছে রাজশাহী অঞ্চলের বাসিন্দারা। খেজুরগাছ কেটে যাঁরা কলসে করে রস নামিয়ে আনেন, তাঁরা ‘সিউলি’ বা ‘গাছি’ নামেই পরিচিত। এ কাজে তাঁদের দক্ষতা, নৈপুণ্য ও প্রযত্ন শিল্পের পর্যায়ে উন্নীত। বেখেয়ালে কাটাকাটি করতে গেলে গাছ শুকিয়ে মরা কাঠ। অন্তত পাঁচ বছর বয়স না হলে সাধারণত গাছ কাটা হয় না। ঠিকমতো কাটা হলে একটি গাছ থেকে প্রায় ২০ বছর পর্যন্ত রস পাওয়া যায়।রসের রকমফের: খেজুরের রসে রকমফের বিস্তর। সাধারণত কার্তিক মাস থেকে গাছ কাটা শুরু হয়। অনেকে আগাম লাভের আশায় অগ্রহায়ণ থেকেই ছেনি চালান, তবে সেই রস পুরোপুুুরি মধুর রস নয়। তাতে একটু নোনতা স্বাদ থাকে। রাজশাহীর ঝলমলিয়ার গাছি ইসমাইল মুন্সীর কাছ থেকে জানা গেল, গাছ কাটার পর প্রথম দিন যে রস নামে, তার নাম ‘ডাগারকাট রস’, কোনো কোনো এলাকায় একে ‘নলিয়ান’ও বলে। এই রসের সৌরভ খুবই চমত্কার। পরপর তিন দিনের বেশি রস নামানো হয় না। পরের তিন দিন বিশ্রাম। একে রাজশাহী অঞ্চলে বলে ‘শুকান’, যশোর অঞ্চলে ‘জিরান’। জিরানের পরে প্রথম যেদিন রস নামানো হয়, সেটিই হলো বিখ্যাত ‘শুকানকাট’, ‘জিরানকাট’ বা ‘পয়লাকাট’ রস। এর কোনো তুলনা নেই। পরের দিনের রস ‘দোকাট’ এবং শেষের দিনের রসের পরিচয় ‘তেকাট’ নামে।রাতের রসের চলতি নাম ‘ঝরা’। দিনেও রস পাওয়া যায়। তার নাম ‘ওলা’। দিনের রসের স্বাদ খানিকটা অম্ল। যত ঠান্ডা রস, তত মিষ্টি। বৃষ্টি হলে বরবাদ, দীর্ঘস্থায়ী ঘন কুয়াশায় বিস্বাদ। প্রকৃতি সদয় হলে মাঘ মাস পর্যন্ত গাছ থেকে ঝরবে মধুর রস।গুড়গৌরব: খেজুরের গুড় বাঙালির একান্ত আপন আবিষ্কারই নয় শুধু, এটি তার পরম গৌরবের বস্তুও। ‘গুড়’ শব্দটির বয়স অন্তত দেড় হাজার বছর। প্রভাতরঞ্জন সরকারের শব্দচয়নিকা বইতে বলা হয়েছে, এটি প্রাচীন বৈদিক শব্দ। সংস্কৃতে পাটালি গুড়কে বলে ‘গুড়পট্ট’। ‘গুড়চক্রিকা’ও বলা যেতে পারে, তবে ‘গুড়কুণ্ডলিকা’ নয়। গুড়কুণ্ডলিকা মানে গুড়ের জিলাপি। গাছ কেটে রস, রস ফুটিয়ে গুড়। বলার মতো কর্মটি সহজ নয়। রসের জন্য যেমন সিউলির হাতযশের প্রয়োজন, গুড়ের জন্যও তেমনি দরকার। সাধারণত গুড় তৈরির কাজটি করেন বাড়ির মাহিলারা। অন্তত আগের দিনে সে রকমই ছিল পদ্ধতি। বেশি ফোটানো হলে গুড়ের রং হবে কালো। ধোঁয়া হলে ধোঁয়াটে, আর পুড়ে গেলে তো কথাই নেই—পোড়া গন্ধে সেই গুড় মুখে তোলার যোগ্য থাকবে না। এসব সামলে যিনি গুড় তৈরি করতে পারবেন, তাঁর হাতেই খেজুরের গুড়ের আসল স্বাদ মিলবে। সন্দেশের জন্য দরকার একটু দানাদার ঝোলা গুড়, রুটি বা অন্য কিছুর সঙ্গে খাওয়ার জন্য উপাদেয় পাতলা গুড়।ইসমাইল মুন্সী জানালেন, ১০ কেজি রস থেকে এক কেজি গুড় হয়। অগ্রহায়ণ থেকে চৈত্র পর্যন্ত রস পাওয়া যায়। একটি বড় গাছ থেকে মৌসুমে যে রস আসে, তাতে ২০ কেজি পর্যন্ত গুড় হয়। পাইকারি বাজারে দাম এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। গুড় তৈরিতে জ্বালানি খরচ আছে। তাই খুব বেশি লাভ থাকে না। চিনি মেশালে গুড়ের পরিমাণ বাড়ে, তাতে কিছুটা পড়তা হয়।পাটালির পালাবদল: সময়ের ব্যবধানে পাটালি গুড়েরও বিস্তর পালাবদল ঘটে গেছে। সবচেয়ে বড় পরিবর্তনটি হলো সম্ভবত যশোর-খুলনার ঐতিহ্যে রাজশাহীর ভাগ বসানো। ঢাকার গুড়ের আড়তে খোঁজ নিয়ে রাজশাহীর খেজুরের গুড়ের এই নীরব অভ্যুত্থানের বিষয়টি জানা গেল। ঢাকার বাজারে এখন যশোর-খুলনার পাটালি প্রায় দুর্লভ। ফারিদপুরের গুড় তো বছর ১৫ আগেই বাজার থেকে উঠে গেছে। সেখানকার খুবই বিখ্যাত ‘মুচি গুড়’ একেবারে বিলুপ্ত।কারওয়ান বাজারের আড়তদার আমজাদ হোসেন ও খুচরা বিক্রেতা আরিফুল ইসলাম জানালেন, ঢাকা ছাড়া চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলেই এখন রাজশাহীর গুড় বাজার দখল করে আছে। আগে ফরিদপুর, যশোর ও মাগুরা এলাকার পাটালির কদর ছিল। যশোর ও মাগুরায় যে পাটালি হয়, তা স্থানীয় বাজরেই বিক্রি হয়। মাটির ‘ঠিলা’য় কিছু ঝোলা গুড়, যাকে ‘নলেন গুড়’ও বলে; সেটিই আসে যশোর-খুলনা থেকে। ঠিলার গুড়ের আড়ত সাভারে। সেখান থেকে ঢাকায় খুচরা বিক্রেতারা নিয়ে আসেন। এই গুড়ের চাহিদা কম। এর চেয়ে পাটালি বা ‘খুড়ি’ গুড়ের চাহিদা বেশি। এসব গুড় আসে রাজশাহী থেকে। কারওয়ান বাজার আড়তে রাজশাহীর ঝলমলিয়া গ্রামের গাছি ইসমাইল মুন্সী জানালেন, গত প্রায় কুড়ি বছরের মধ্যে রাজশাহীর আরানী, বনপাড়া, ঝলমলিয়া, বানেশ্বর এবং পাশ্ববর্তী উপজেলা পুঠিয়া, বাঘা, বড়াইগ্রাম ও নাটোর জেলায় প্রচুর খেজুরের বাগান গড়ে উঠেছে। প্রথম দিকে স্থানীয় বাজারেই গুড় বিক্রি হতো। এখন রাজশাহীর গুড় সারা দেশেই যাচ্ছে। ইদানীং গুড় বিক্রি করে খুব একটা লাভ হয় না। তবে শীতের সময় হাতে কিছু নগদ টাকা আসে আর খেজুরগাছে তেমন পরিচর্যারও দরকার হয় না।গুড়ে চিনি মেশানোর কথাটি তিনিও স্বীকার করলেন। চিনির সিরা মেশালে গুড়ের পরিমাণ বাড়ে। গুড়ের চেয়ে চিনির দামও কম। তাঁর কাছেই জানা গেল, চিনি ছাড়াও ফিটকিরি ও হাইডোজ নামের এক ধরনের রাসায়নিক পাউডার রসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এতে নাকি গুড়ের রং ফর্সা হয়।যশোর-খুলনার চিত্র অন্য রকম। সেখানে আর আগের দিনের মতো খেজুরগাছের প্রাচুর্য নেই। যশোরের খেজুরা বলেই একটি অঞ্চল আছে খেজুরগাছের জন্য বিখ্যাত। খাজুরার বাসিন্দা স্বদেশ কুমার ঘোষ জানালেন, পৈতৃক সূত্রেই তাঁদের যে বিশাল খেজুরবাগান ছিল, এখন তা অনেক ছোট। খেজুরের গুড়ে আগের মতো লাভ নেই। এ কারণে অনেকেই খেজুরগাছের বদলে মেহগনি, শিশু, সেগুনের মতো মূল্যবান কাঠের গাছ লাগাচ্ছে। এই এলাকায় সবজি ও ফুলের চাষ লাভজনক হয়ে ওঠার ফলেও অনেকে খেজুরের বাগান তুলে দিয়েছে।স্বদেশ কুমার জানালেন, যাশোর, নড়াইল, ঝিকরগাছায় খেজুরের গুড় তৈরির সময় রসে চিনির সিরা মিশিয়ে দেওয়া হচ্ছে পড়তার জন্য। খাঁটি গুড় পেতে হলে নিজে উপস্থিত থেকে বা বাড়িতে রস ফুটিয়ে গুড় তৈরি করার বিকল্প নেই। সেই ঝামেলায় যাওয়ার সময় কোথায় ব্যস্ত নাগরিকের? অতএব, হাল আমলের ভেজাল গুড়ের পিঠা-পায়েসে আগের দিনের আসল স্বাদের প্রত্যাশা দুরাশারই নামান্তর।