খেজুরের রসের খোঁজে
নগরের অনেক এলাকায় আদর-অনাদরে বেড়ে উঠেছে অনেক খেজুরগাছ। এই খেজুরগাছকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছেন ঢাকার বাইরে থেকে আসা কিছু মানুষ। গাছকে সম্বল করে জীবিকা নির্বাহকারী এসব পেশাজীবীকে গাছি নামে ডাকা হয়।নগরের গুলশান, বাড্ডা, রামপুরা, রায়েরবাজার, রমনা, উত্তরা, ওয়ারী, যাত্রাবাড়ী ও মাতুয়াইল ঘুরে এমন ডজন খানেক নগরগাছির খোঁজ পাওয়া গেছে।মজার বিষয় হচ্ছে, এঁরা প্রায় সবাই ফরিদপুরের। সেখানেও তাঁরা গাছির কাজই করেন। শীতে ঢাকায় আসেন খেজুরগাছ কাটতে। ঢাকায় রসের দাম বেশি পাওয়া যায়, এ কারণেই প্রতিবছর ঢাকা আসেন। শীত শেষে টাকা-পয়সা নিয়ে চলে যান গ্রামে।কোমরের সঙ্গে পেছনে বাঁধা বাঁশের ঝুড়িতে (ডুলা) তিন-চারটি দা রাখা আছে। পাশেই বাঁধা আছে গাছ থেকে কলসি নামানোর কাজে ব্যবহার করার জন্য গাছের ডাল দিয়ে বানানো আংটা (টোডা), কাঁধে ঝোলানো লম্বা দড়ি। কাঁধের ওপর মাপমতো কাটা বাঁশের লাঠি (ভার) দুই মাথায় দুটি মাটির কলসি ঝোলানো। বোঝা যাচ্ছে, কলসি দুটি রসে বোঝাই। যাঁরা ছোটবেলা গ্রামে কাটিয়েছেন, তাঁদের কাছে এটা নতুন কোনো দৃশ্য নয়। শীত এলেই গ্রামে এখনো দেখা যায় গাছিদের আনাগোনা। যাঁদের জন্ম শহরে, তাঁদের কাছে বিষয়টা বোধগম্য না-ও হতে পারে।একসময় গ্রামবাংলার ঐতিহ্য ছিল খেজুরের রস। শীত এবং খেজুরের রস অঙ্গাঙ্গিভাবে জড়িত। রস জ্বাল দিয়ে তৈরি করা হয় গুড়। শীতে খেজুরের গুড় ছাড়া পিঠার কথা ভাবাই যেত না একসময়।খলিল সিকদার ১৫ বছর ধরে ঢাকায় খেজুরগাছ কেটে রস বিক্রি করেন। বাড়ি ফরিদপুর। প্রতি শীতে আসেন; গাছ কাটেন এবং শীত শেষে আবার চলে যান। ভোর পাঁচটায় শুরু হয় তাঁর দিন। ঘুম থেকে উঠে গাছ থেকে রস নামানোর সামানপত্র নিয়ে ছুটে বেড়ান এ বাড়ি থেকে সে বাড়ি। আটটার মধ্যে সব গাছের রস নামানো সম্পন্ন হয়।অনেক সময় গাছের গোড়া থেকেই রস বিক্রি হয়ে যায়। কখনো কখনো রস রয়ে যায়, তখন রাস্তায় বসে সেই রস বিক্রি করেন। রস বিক্রি করা শেষ হলে সকালের নাশতা সেরে নেন। খাওয়া শেষ করে শুরু হয় গাছ কাটার কাজ। গাছের যে স্থান থেকে রস বের হয়, সেই জায়গাটা দা দিয়ে চেঁছে এক পরত প্রলেপ ফেলে দেওয়া হয়। ওই স্থান থেকে নিচের দিকে লাগানো নলের মাধ্যমে রস কলসিতে গিয়ে পড়ে। গাছের যে পাশটা চাঁছা থাকে, এর দুই পাশে দুটি কাঠি বিঁধিয়ে তার মধ্যে কলসিটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। খলিলের কাছ থেকে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে একবার এবং পরের দিন সকালে—এই দুবার গাছ থেকে রস সংগ্রহ করা হয়।খেজুরগাছ থেকে দুই দিন পর পর রস সংগ্রহ করা হয়। গাছ থেকে সংগৃহীত রস গাছের মালিক নেয় এক দিন এবং গাছি নেন এক দিন। সব মিলিয়ে খলিলের ৩০টির মতো গাছ। দুই দিন করে দুই ভাগে গাছগুলো কাটেন তিনি। দৈনিক ২০ কেজির মতো রস পাওয়া যায়। ৮০ টাকা কেজিতে তিনি রস বিক্রি করেন বলে জানান। কানে কানে বলেন, ৪০ টাকা করেও রস বিক্রি করেন। সেটা আবার অন্য হিসাব—রসটা আসল না-ও হতে পারে। সকাল ও রাতে খলিল সিকদারের রস পাওয়া যাবে। যাত্রাবাড়ীর ধলপুর গিয়ে স্থানীয় কাউকে বললেই খোঁজ পাওয়া যাবে খলিল সিকদারের।ওয়ারী খ্রিষ্টান কবরস্থানে থাকেন গাছি কামরুজ্জামান। তাঁর সঙ্গে আছেন রমিজ মিয়া। পল্টন থেকে নারিন্দা পর্যন্ত যত খেজুর গাছ আছে, এঁরা দুজন ভাগ করে কাটেন। রমিজ মিয়া জানালেন, সকালে নামানো রস সকাল ১০টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। দৈনিক একবারই রস নামান তিনি। কামরুজ্জামানসহ আরও অনেকে সারা দিন রস বিক্রি করেন।সারা দিন এত রস কোথা থেকে আসে, এলাকার মানুষের মধ্যে এই সন্দেহ রয়েছে। টিপু সুলতান রোডের উজ্জ্বল হোসেন বলেন, এই ব্যাটা ফাঁকিবাজ, রসে পানি মেশায়। মাতুয়াইলের গাছি তাকির মিয়ার মতে, আসল রস চেনা কোনো কঠিন কাজ নয়। আসল খেজুরের রস একটু হালকা কালচে লাল হয়।