প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন চিকিৎসক তৈরি করতে সরকারের অনেক টাকা খরচ হয়। এগুলো খেটে খাওয়া মানুষের শ্রমের টাকা। চিকিৎসা করে তাঁদের ঋণ পরিশোধের দায়িত্ব চিকিৎসকদের।প্রধানমন্ত্রী আজ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আউটডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৪০ শয্যার আইসিইউ ও ওটি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।প্রধানমন্ত্রী সপ্তাহে এক দিন গ্রামে গিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করতে চিকিৎসকদের পরামর্শ দেন। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ যাতে সহজে চিকিৎসা পান, তা নিশ্চিত করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, প্রাইভেট হাসপাতালে অনেকে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করেন। অথচ তাঁরা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এলে টাকা মওকুফের তদবির করেন। প্রধানমন্ত্রী এ ধরনের অন্যায় আবদার না করতে এবং তা না মানতে মন্ত্রী-সাংসদদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি চিকিৎসা খাতে অনুদান বৃদ্ধির জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। যারা শিক্ষা ও চিকিৎসাসংক্রান্ত খাতে অনুদান দেবে, তাদের করের পরিমাণ কমানোর জন্য তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গবেষণা খুব কম হয়।’ তিনি গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বিদেশে বড় বড় প্রতিষ্ঠান গবেষণার জন্য অনেক অর্থ খরচ করে। আমাদের দেশে সেভাবে গবেষণা বাড়াতে প্রধানমন্ত্রী অর্থ দেওয়ার জন্য প্রতিষ্ঠান ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।রাজধানীর যানজট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় বিত্তশালী পরিবারের একেকজন একেকটি গাড়িতে চড়ে। তিনি জনে জনে গাড়ি ব্যবহার না করে পরিবারের সবাই মিলে একটি গাড়ি ব্যবহারের পরামর্শ দেন। এতে রাজধানীর রাস্তায় গাড়ির চাপ কমবে এবং যানজট পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। তিনি আরও বলেন, যানজট পরিস্থিতির উন্নতি করতে সরকার রাজধানীতে বড় বাস নামাবে।বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণগোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।