খেটে খাওয়া মানুষের চিকিৎসা করে তাদের ঋণ শোধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেটে খাওয়া মানুষের কাছ থেকে সরকারের সংগৃহীত টাকায় একজন চিকিৎসক তৈরি হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকদের দায়িত্ব গরিবদের চিকিৎসা করে তাঁদের ঋণ পরিশোধ করা। তিনি আরও বলেছেন, মানসম্মত চিকিৎসা পাওয়া গ্রামের মানুষের অধিকার।গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৪০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ওটি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী চিকিৎসকদের সপ্তাহে এক দিন গ্রামে গিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করার পরামর্শ দেন। একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিএসএমএমইউর উপাচার্য প্রতি সপ্তাহে গ্রামে গিয়ে গরিব মানুষের চিকিৎসা করেন। সবাইকে এ কাজ করতে হবে। চিকিৎসাসেবা গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে হবে।বেসরকারি ক্লিনিকে প্রচুর টাকা খরচ করলেও বিএসএমএমইউয়ে চিকিৎসা নিয়ে অনেকের বিল মওকুফের তদবির করার প্রবণতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি এ ধরনের ‘অন্যায় আবদার’ না করতে এবং তা না মানতে মন্ত্রী-সাংসদদের প্রতি আহ্বান জানান।চিকিৎসা খাতে আরও বেশি অনুদান দেওয়ার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। শিক্ষা ও চিকিৎসাসংক্রান্ত খাতে অনুদান দিলে করের পরিমাণ কমানোর জন্য তিনি অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, বাংলাদেশে অনেক বিত্তশালী রয়েছেন, যাঁরা হাসপাতাল ভবন নির্মাণ কিংবা চিকিৎসার সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য রাখেন। গরিব মানুষের সেবায় বিত্তশালীদের এগিয়ে আসা উচিত বলে উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন ও নতুন নতুন ওষুধ তৈরির লক্ষ্যে গবেষণা বাড়ানোর আহ্বান জানান। এ খাতে সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিদেশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী দেশীয় ওষুধ কোম্পানিগুলোকেও গবেষণা খাতে অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।এ সময় রাজধানীর যানজট সম্পর্কেও কথা বলেন প্রধানমন্ত্রী। অনেক পরিবারের একাধিক সদস্যের গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সবাই মিলে একটি গাড়ি ব্যবহারের চেষ্টা করতে হবে। গাড়ির চাপ কমলে যানজট-পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। বড় বাস নামানো, উড়ালসড়ক নির্মাণসহ নানা সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বর্তমান সরকার জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করেছে। এখন উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, এ দেশে বিশ্বমানের চিকিৎসক থাকলেও যথাযথ পরিবেশ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে মেধা কাজে লাগানো যাচ্ছে না। সরকার যন্ত্রপাতি সরবরাহ ও পরিবেশ তৈরিতে কাজ করছে। তিনি সেবিকাদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন। সভাপতির বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা পণ্যে পরিণত হলে দেশ থাকবে না। মেডিকেল শিক্ষাকে পণ্য হতে দেবেন না বলে অঙ্গীকার করেন প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আমাদের যশোর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে যশোরে আসছেন। তিনি বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মশিয়ুর রহমান হল, প্রশাসনিক ভবন ও অনুষদ ভবন এবং যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ও করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বিমানবাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে শীতকালীন গ্র্যাজুয়েশন পরিদর্শন করবেন শেখ হাসিনা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।