খেতে, নাকি গান শুনতে আসা—নগরের কিছু রেস্তোরাঁয় গেলে এমনটা মনে হতে পারে। কেননা, এগুলোয় শুধু খাওয়া নয়, গান শোনারও আয়োজন রয়েছে। আবার রেকর্ড করা গান নয়, রীতিমতো কনসার্টের আদলে পরিবেশিত হয় গান। অতিথিদের অনুরোধের গানও বাজানো হয়। তবে মন্দ কি! গানের তালে তালে মনের মতো খাবার খেতে পারলে তৃপ্তি পাওয়া যায় ষোলোআনা। যাঁরা থিমেটিক রেস্তোরাঁ খোঁজেন, তাঁদের মধ্যে সংগীতপিয়াসীরা ঢুঁ মারতে পারেন এই সব রেস্তোরাঁয়।ধানমন্ডির ৫/এ সড়কের পাশেই ‘দ্য স্টেজ’ কিছুটা নির্ঝঞ্ঝাট। লেকের জল দেখে দেখে খেতে চাইলে চলে আসতে পারেন এখানে। পরিসরটা মন্দ নয়। সুনসান আর হালকা আলোর পরিবেশটা গানে গানে আরও মনোরম হয়ে ওঠে। তখন খাবারটা আরও সুস্বাদু মনে হবে। সপ্তাহের প্রতিদিন নয়, তবে বেশির ভাগ দিনই এখানে নগরের উঠতি ব্যান্ডগুলো গান গায়। দ্য স্টেজের তিনজন পরিচালকের একজন আশিক মাহমুদ। তিনি বলেন, নতুন ব্যান্ডকে উৎসাহ দেওয়ার জন্যই এখানে গানের ব্যবস্থা হয়েছে। এ ছাড়া এখানে পেশাদার গায়কদের সঙ্গে সঙ্গে অতিথি হিসেবে আসা যে কেউ গায়ক বনে যেতে পারেন। অর্থাৎ খেতে গিয়ে গান শোনার পাশাপাশি গান পরিবেশনেরও সুযোগ থাকছে।যাঁরা কৌতুক পরিবেশনে পারদর্শী, তাঁরাও স্টেজে উঠে যেতে পারেন। দ্য স্টেজের খাবারের আয়োজনেও কমতি নেই। এখানে পাওয়া যায় থাই, চায়নিজ, ইতালিয়ান ও উপমহাদেশের রকমারি পদ। একজনের খেতে খরচ হবে ২০০ থেকে ৫০০ টাকা।বেইলি রোডের ৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় জমে উঠেছে মিউজিক ক্যাফে ‘থার্টি থ্রি’। এ বছরের মার্চের গোড়াতে যাত্রা শুরু করে এটি। লিফট থেকে নেমেই মনে হচ্ছিল, এ যেন পুরোদস্তুর কনসার্ট। তবে ক্যাফেতে ঢুকে দেখলাম অন্য চিত্র। কনসার্ট, তবে এর আদল একটু ভিন্ন। সন্ধ্যা সাড়ে সাতটা তখনো বাজেনি, এর আগেই ড্রামের দ্রিম দ্রিম আওয়াজ আর গিটারের মনোরম শব্দে আচ্ছন্ন হয়ে উঠল চারপাশ। নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হলো মূল আয়োজন। একের পর এক অনুরোধ আর সেই মোতাবেক পরিবেশনা। আগত অতিথিরা খাবারের ফরমায়েশ দিয়ে অপেক্ষা করছেন। তবে এই অপেক্ষার মধ্যে কোনো বিরক্তি নেই। কারণ, গান শুনেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। সাধারণত ইংরেজি ক্ল্যাসিক মিউজিক শোনানো হয় এখানে। আবার অতিথিদের অনুরোধ সাপেক্ষে বাংলা গানও শোনানো হয়। থার্টি থ্রির ব্যবস্থাপক চৌধুরী আসাদুজ্জামান জানান, কিছুটা ভিন্নতা দেওয়ার চেষ্টা থেকেই থার্টি থ্রি যাত্রা শুরু করে। খাবারের পরিবেশনার সঙ্গে সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো নতুন ব্যান্ড দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে কেউ না থাকলেও সমস্যা নেই। থার্টি থ্রির ইন হাউস ব্যান্ড ‘স্পাইসি অপেরা’ থাকবে মনোমুগ্ধকর গান শোনাতে।কেবল গায়কের কণ্ঠেই নয়, দেয়ালজোড়া বিখ্যাত গায়কদের ছবি আর খাবারের পাত্রে লেখা গানের কথা আপনাকে কিছুটা হলেও ভিন্ন অনুভূতি জাগাবে।এবার খাবারের কথায় আসা যাক, ক্যাফে থার্টি থ্রিতে মেক্সিকান, ইতালিয়ান, অ্যারাবিয়ান আর ভারতীয় খাবার কিছুটা বেশি চলে। খাবারের নামের মধ্যে আছে গান কিংবা বাদ্যযন্ত্রের সংযোগ। যেমন—চিংড়ি দিয়ে তৈরি মেক্সিকান তানপুরা, তানসেন চিকেন, এরাবিটা অপেরা প্রভৃতি। মজাদার খাবারের সঙ্গে পানীয় মিলবে হরেক রকমের। তবে গান শুনতে শুনতে যেকোনো পদ পাতে তুলতে হলে খরচটা একটু বেশি পড়বে। ৩৪৫ থেকে ৫৬০ টাকার মধ্যে যেকোনো পদ পাতে তুলতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এটি।এদিকে বনানীর প্লাটিনাম সুইটসে বুফে খেতে চাইলে এখানে খরচ করতে হয় ৯৫০ টাকা। থাই, চায়নিজ, ইন্ডিয়ান খাবারের সঙ্গে রয়েছে লেবাননের রকমারি পদ। বনানী ১১ নম্বর সড়কের এফ ব্লকের ৫৮ নম্বর বাড়ির এই হোটেলের আয়োজনটা একটু ভিন্ন। এই হোটেলে আছে টেরা বিস্ত্রো, ক্যাফে নিমো, জিজি রিস্তোরান্তে আর প্লাটিনাম ট্যারেস নামে চারটি রেস্তোরাঁ। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো প্লাটিনাম ট্যারেস। এখানকার জ্যেষ্ঠ নির্বাহী জনসংযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সাহা জানান, তাঁদের এখানে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার থাকে চমক। বৃহস্পতিবার হচ্ছে মুভি নাইট। অর্থাৎ প্রতি বৃহস্পতিবার চলচ্চিত্র অথবা নাটক প্রদর্শিত হয়। শুরু হয় সন্ধ্যা সাতটায়, চলে রাত ১০টা পর্যন্ত। শুক্রবার বসে গানের আসর। নতুন ব্যান্ডের পাশাপাশি জুটে যেতে পারে জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনা। তাদের গান শোনার পাশাপাশি কথাও বলা যাবে। প্লাটিনাম সুইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাফিন আহম্মেদ। শনিবার শিশুদের জন্য কিডস মুভি টাইম (অ্যানিমেটেড মুভি)। খাবার-দাবার মিলিয়ে ছোট-বড় কারও সময়ই মন্দ কাটবে না।