খেতে গিয়ে খেলা!
অদ্রিকা ব্যস্ত স্লিপারে উঠতে। স্লিপার থেকে নামতেই ওর ছোট ভাই অরিদ এসে হাজির। সে-ও স্লিপারে উঠবে। যেখানে স্লিপার আছে, তার পাশে রয়েছে ছোট্ট ঘর। এর দেয়ালজুড়ে আছে বর্ণিল কার্টুন। অদ্রিকা আর অরিদ এসব নিয়েই ব্যস্ত। বাবার ডাকে ওদের ভ্রুক্ষেপ নেই। ওরা মজে আছে খেলার রাজ্যে। এটা কোনো শিশুপার্কের দৃশ্য নয়। ওরা এসেছিল ধানমন্ডির সাতমসজিদ রোডের পিৎজা হাটে। সেখানেই একটা জায়গায় রাখা হয়েছে মজার সব রাইড, যাকে অনায়াসে ছোট একটা শিশুপার্কও বলা যায়।এভাবেই নগরের বড় বড় রেস্তোরাঁয় রাখা হচ্ছে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা। এর দুটো দিক আছে। প্রথমত, রেস্তোরাঁয় মা-বাবাকে বিরক্ত না করে, খেলা নিয়ে মজে থাকে শিশুরা। দ্বিতীয়ত, খাওয়ার পাশাপাশি খেলার মজাও পায়। সে কথাই বলছিলেন অদ্রিকার বাবা ইমতিয়াজ আহম্মেদ, ‘ব্যস্ততার কারণে চাইলেও সন্তানদের সময় দিতে পারি না। তবে সপ্তাহের একটা ছুটির দিনে ঠিকই বাড়ির ছোট বাচ্চাদের বাইরে খাওয়াতে নিয়ে আসি। কোথায় যাবে, তা ওরাই ঠিক করে। পছন্দের তালিকায় সব সময়ই থাকে যেখানে খাওয়ার সঙ্গে খেলার জায়গা থাকে সেই জায়গাগুলো। খেলার বন্দোবস্ত করে দিলেও রেস্তোরাঁগুলো এ জন্য আলাদা কোনো টাকা নেয় না।’এ বিষয়ে পিৎজা হাটের ধানমন্ডি শাখার ইউনিট ম্যানেজার আমিনুর আলম জানান, নগরে জায়গার অভাব। শিশুদের খেলার জায়গা মেলে না। তাই রেস্তোরাঁয় খেলার জায়গা করা হয়েছে। খেতে এসে শিশুরা খেলতে পারে। এ জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। ছোট শিশু এবং অভিভাবক উভয়ই খুশি থাকে।সাতমসজিদ রোডেরই এক প্রান্তের খাবার দোকান চিকেন কিংয়ের ভেতরের একটা পাশ রঙিন বল আর খেলনায় ভরপুর। এখানে ছোট্টমণি রাইফ ছোটাছুটি করছিল। ওর মা-বাবা দুজনেই ছিলেন সেখানে। বাবা আশরাফুজ্জামান বলেন, ‘রাইফ খুশি মনে খেলছে, এটা দেখতেই ভালো লাগে। খেলাধুলা শিশুর দৈহিক গঠনের জন্য খুবই দরকার। আজকাল খাবার দোকানে বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা থাকায় সুবিধা হয়েছে। বাচ্চাকে ছেড়ে দিয়ে দুদণ্ড সময় নিশ্চিন্তে কাটানো যায়।’মিরপুর সড়কের ওয়েস্টার্ন গ্রিল মানেই শিশুদের অন্য ভুবন। কেননা এখানে আছে ‘কিডস ড্রিম প্ল্যান্ট’। মূল খাবারের জায়গা থেকে শিশুদের খেলার জায়গা কিছুটা আলাদা। ঢোকার মুখেই মনে হয় শিশুদের জন্য এ যেন এক পাতালপুরী। চারদিকে নানা কার্টুন আর রঙিন সব রাইড রাখা হয়েছে শিশুতোষ কায়দায়। শিশু আপন মনেই এখানে কাটাতে পারবে তার আনন্দের সময়। ওয়েস্টার্ন গ্রিলের মিরপুর সড়ক শাখার দায়িত্বরত প্রধান কর্মকর্তা আবদুর রব আকন জানান, ওয়েস্টার্ন গ্রিলের কিডস জোন শিশুদের কল্পনা জগতের সঙ্গে মিল রেখেই করা হয়েছে। মজার মজার রাইড আর প্রিয় সব কার্টুনের ছবিতে আঁকা চারপাশ। তাই অভিভাবকেরা শিশুদের ছেড়ে দিয়ে নিশ্চিন্তে তাঁদের মতো করে সময় কাটাতে পারেন। ওয়েস্টার্ন গ্রিলের মিরপুর, গুলশান—সব শাখাতেই এমন সুবিধা রয়েছে।নগরের পান্থপথের বসুন্ধরা সিটির লেভেল ৭-এর ‘সল্ট গ্রিলের’ নোনা স্বাদটা যেন শিশুরাই বেশি পায়। কারণ, খাবারের সঙ্গে শিশুদের খেলারও সুযোগ রয়েছে। এখানে খেলতে গেলেও আলাদা টাকা লাগে না, তবে মানতে হয় বয়সসীমা।