খেমার রুজ নেতা আয়েং সারি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার খেমার রুজ শাসনামলের সাবেক শীর্ষ নেতা আয়েং সারি মারা গেছেন। কম্বোডিয়ায় জাতিসংঘ-সমর্থিত একটি আদালত এ ঘোষণা দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৭৫-৭৯ সালে মাওবাদী খেমার রুজ শাসনামলে গণহত্যার অভিযোগে তাঁর ওই আদালতে বিচার চলছিল। তত্কালীন খেমার রুজ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ২০ লাখ লোককে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।১৯৭৫ সালের ১৭ এপ্রিল সেনাবাহিনীকে হটিয়ে খেমার রুজ গেরিলারা তত্কালীন কম্পুচিয়ার রাজধানী নমপেন দখল করে নেয়। নেতৃত্বে ছিলেন ‘ব্রাদার নাম্বার ওয়ান’ পরিচিত পলপট। নমপেন দখল করে পলপট সরকার মূলত কৃষি সংস্কারের নামে ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়। পলপট ১৯৯৮ সালে কম্বোডিয়ার জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় মারা যান।আদালতের মুখপাত্র লারস ওলসেন বলেন, ৪ মার্চ আয়েং সারিকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।ওলসেন বলেন, ‘আয়েং সারির বিচারকাজ শেষ করতে না পারায় আমরা হতাশ।’আয়েং সারি ‘ব্রাদার নাম্বার থ্রি’ নামে পরিচিত ছিলেন। ২০১১ সালের নভেম্বরে তিনি ও ‘ব্রাদার নাম্বার টু’ নামের পরিচিত নিউন চে-কে বিচারের আওতায় আনা হয়। তবে তাঁরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।