কম্বোডিয়ায় জাতিসংঘ পরিচালিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ করায় খেমাররুজ বন্দীশালার সাবেক প্রধান ডুককে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।৬৭ বছর বয়সী এই নেতার পুরো নাম কিয়াং গুয়েক ইভ। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে ৩৫ বছরের কারাদণ্ড দিলেও কিয়াং গুয়েককে জেল খাটতে হবে ৩০ বছর। আদালত মনে করেন, যেহেতু কিয়েক ওরফে ডুককে পাঁচ বছর বিনা বিচারে আটক রাখা হয়েছিল, তাই তাঁর কারাদণ্ড থেকে পাঁচ বছর বাদ দেওয়া হয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবীরা ডুকের ৪০ বছর কারাদণ্ড চেয়েছিলেন।কম্বোডিয়ায় জাতিসংঘ পরিচালিত মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের এটাই প্রথম রায়।ট্রাইব্যুনালে বিচারের সময় কিয়েক গুয়েক ইভ ওরফে ডুক স্বীকার করেন যে গত শতকের সত্তর ও আশির দশকে কম্বোডিয়ায় তিনি কমপক্ষে ১৫ হাজার নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন। ডুক মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার সব অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।রায় ঘোষণার সময় নীল শার্ট পরিহিত ডুক বেশ বিষণ্ন ছিলেন। এ সময় তাঁর চেয়ারটি বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা ছিল। এর আগে তাঁকে একটি বুলেটপ্রুফ গাড়িতে করে আদালতে আনা হয়।আদালতের প্রধান বিচারক ডুকের কারাদণ্ডের রায় পড়ে শোনান। তিনি বলেন, ‘ঘৃণ্য ও ন্যক্কারজনক’ এ অপরাধের জন্য তাঁকে ৩৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।উল্লেখ্য, নির্দিষ্ট বামপন্থী চিন্তার ধারকবাহক খেমাররুজ ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কম্বোডিয়ায় ক্ষমতায় ছিল। এ সময়ে দলটির কঠোর নীতির কারণে প্রায় ২০ লাখ মানুষ প্রাণ হারায়। বিবিসি অনলাইন।