খেমাররুজ নেতার গণহত্যার বিচার শুরু (ভিডিও)
কম্বোডিয়ায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক খেমাররুজ সরকারের তিন শীর্ষ নেতার বিচার শুরু হয়েছে। জাতিসংঘ-সমর্থিত আদালতে আজ সোমবার এ বিচার শুরু হয়।এই তিন নেতার একজনের নাম জানা গেছে। তিনি হলেন নিও চেয়া। দ্বিতীয় ভাই (ব্রাদান নাম্বার টু) হিসেবেও পরিচিতি। পল পটের নেতৃত্বে খেমাররুজ শাসনামলে (১৯৭৫-১৯৭৯) নিও ছিলেন পল পটের ডান হাত। ১৯৭৯ সালে খেমাররুজ শাসনের অবসান হয়। পলপটের মৃত্যু হয় ১৯৯৮ সালে।বিচারের মুখোমুখি হওয়া সাবেক এই তিন নেতার প্রত্যেকের বয়সই আশির কোঠায়। প্রত্যেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।আজ সকালে শুনানি চলাকালে সাবেক ওই তিন নেতা ছাড়াও খেমাররুজ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের অনেকে সাক্ষ্য দিতে ও অন্যরা খেমাররুজ নেতাদের শেষ পরিণতি দেখতে সেখানে যান। খেমাররুজরা প্রায় ২০ লাখ লোককে হত্যা করেছিলেন।জাতিসংঘের ব্রিটিশ প্রধান কৌঁসুলি অ্যান্ড্রু কেলি বলেন, এই বিচারকাজ অন্তত ২০০ দেশের কাছে এই শক্তিশালী বার্তা পাঠাবে যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে পার পাওয়া যায় না।জাতিসংঘ ও কম্বোডিয়ার সমন্বিত এই ট্রাইব্যুনালের সমালোচনা করে থিয়েরি সেং নামের কম্বোডিয়ার এক নাগরিক বলেন, সাবেক খেমাররুজ নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোই যথেষ্ট নয়।গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত সাবেক খেমাররুজ নেতাদের বিচারের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল গঠনে ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চায় কম্বোডিয়া।২০০৬ সালে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। এ সময়ের মধ্যে মাত্র একজনকে অভিযুক্ত করা হয়েছে।খেমাররুজ শাসনামলে গণহত্যা ও নৃশংসতার বিচারের দাবি জানানো হয়েছে। সেই সময়ের নৃশংসতা থেকে বেঁচে যাওয়া মানুষেরা গতকাল কম্বোডিয়ায় রাজধানী নমপেনে সমবেত হয়ে এ দাবি জানান। বিবিসি অনলাইন।