খেলতে খেলতে চলে গেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্বেল খেলার সময় সমবয়সী এক শিশুর ধাক্কায় দেয়ালের সঙ্গে মাথায় আঘাত লেগে ১১ বছরের আরেক শিশু আল আমিন নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি সায়েদাবাদের করাতিটোলা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত।আলা আমিনের পারিবারিক সূত্র জানায়, সে তার মা বাবার সঙ্গে ১৩/২ করাতিটোলায় থাকত। সন্ধ্যার আগে আল আমিন সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে মার্বেল খেলছিল। একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক শিশু চড় মারে আল আমিনের গালে। এরপর আল আমিনকে ধাক্কা দিলে সে ছিটকে পাশের পাকা দেয়ালে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়।শিশুটির মা অচেতন অবস্থায় সন্ধ্যা সাতটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। নিহত শিশুটির মা সাংবাদিকদের বলেন, এতটুকু ছেলেকে (সাইফুল ইসলাম) তিনি কীভাবে আসামি করবেন। নিহত শিশুটির বাবা ওসমান বেপারি ট্রাকচালক।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত শিশুটির মা আমেনা বেগম অভিযুক্ত শিশু সাইফুলকে আসামি করে থানায় মামলা করতে চান না। তিনি ময়নাতদন্ত ছাড়াই আদালতের অনুমতি নিয়ে লাশ দাফন করতে চান। পুলিশ কর্মকর্তা বলেন, শিশুটির মা রাজি না হলে এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে।