খেলনা উড়োজাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনার অভিযোগে রেজওয়ান ফেরদৌস (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক সদর দপ্তর পেন্টাগনে তিনি হামলার পরিকল্পনা করেছিলেন। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।সরকারি সূত্রে জানা গেছে, রেজওয়ান খেলনা উড়োজাহাজ দিয়ে হামলার পরিকল্পনা করেন। ওই খেলনাটি মুঠোফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। খেলনার রিমোট কন্ট্রোল দিয়ে পেন্টাগন এবং ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল রেজওয়ান ফেরদৌসের। হামলার পরিকল্পনার জন্য রেজওয়ান বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেছিলেন। মজার ব্যাপার হলো যাদের সঙ্গে রেজওয়ান পরামর্শ করেছিলেন, তাঁরা ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) লোক। এমনকি গোয়েন্দারাই ‘জিহাদি বন্ধু’ সেজে রেজওয়ান ফেরদৌসকে হামলা চালানোর জন্য সব সরঞ্জাম সরবরাহ করেছিলেন। ভুয়া বিস্ফোরক এবং খেলনা উড়োজাহাজ পর্যন্ত সবই রেজওয়ানকে সরবরাহ করেন গোয়েন্দারা। রেজওয়ানের সব কথোপকথন গোয়েন্দারা রেকর্ডও করেছেন।পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্লামিংহাম শহর থেকে রেজওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে আনা অভিযোগে বলা হয়েছে, ২০১০ সাল থেকেই রেজওয়ান ফেরদৌস জঙ্গি পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেন। ইন্টারনেটে জিহাদি ওয়েবসাইট এবং ভিডিও দেখে তাঁর মধ্যেও ‘জিহাদ’ করার তাড়না আসে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি রাজধানী ওয়াশিংটনে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করেন। খেলনা উড়োজাহাজ এবং বিস্ফোরক কেনার জন্যও তত্পরতা চালান।মার্কিন নাগরিক রেজওয়ান ফেরদৌস বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। আদালতে দেওয়া তথ্যে বলা হয়েছে, ম্যাসাচুসেটস রাজ্যের অ্যাসালান্ড শহরে দীর্ঘদিন ধরে তিনি তাঁর মা-বাবার সঙ্গে বসবাস করছেন। তাঁর বাবা পেশায় প্রকৌশলী এবং মা স্বাস্থ্যকর্মী বলে জানানো হয়েছে। মা-বাবার পরিচয় কিংবা অভিবাসন সূত্র প্রকাশ করা হয়নি।