খেলনায় যত মজা
রাফিদের বয়স তিন বছর পেরিয়েছে। কর্মজীবী মা-বাবা সারা দিনই বাইরে থাকেন। সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না তাঁরা। এ জন্যই রাফিদের খেলনার কোনো কমতি রাখেননি তাঁরা। তবে আজকাল রাফিদের মা-বাবা চাইছেন না, খেলনা গাড়ির পেছনে রিমোট হাতে ছুটে চলুক ছোট্ট রাফিদ, বরং এমন কিছু নিয়ে ব্যস্ত থাকুক, যা তার ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। আর তাই সন্তানের হাতে তাঁরা তুলে দিয়েছেন নানা ধরনের ব্লক, পাজল, লেখার জন্য ম্যাজিক বোর্ড আর বিভিন্ন শিক্ষামূলক খেলনা। এরই মধ্যে খেলনাগুলো বেশ পছন্দও করেছে সে। তবে খেলনার দোকানে গেলে নতুন কোনো গাড়ি তার চাই-ই চাই।ইস্টার্ন প্লাজার নিচতলায় টয় মার্ট থেকে রাফিদের জন্য খেলনা কিনতে এসেছিলেন তার মা ডা. হাসিনা আক্তার। তিনি জানান, আসলে স্কুলে যাওয়ার তো বেশি দেরি নেই, তাই রাফিদের মেধা বিকাশে সাহায্য করে এমন সব খেলনা কিনে দিয়েছেন তাঁরা। খেলার ছলেই শিখবে সে।ইস্টার্ন প্লাজার নিচতলায় গড়ে উঠেছে বেশ কিছু খেলনার দোকান। বনানী ১১ নম্বর সড়কেও গড়ে উঠেছে মাদার কেয়ার, কিডস অ্যান্ড মাম, চিলড্রেন আর আসের মতো বেশ কিছু অভিজাত খেলনার দোকান। মাদার কেয়ারে খেলনা কিনতে আসা তিন বছর বয়সী অভ্রর পাজেল বা ব্লক পছন্দ নয়। ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ গেয়ে লাফিয়ে চলা হাঁস আর দুরন্ত গতির ট্রেন বেশি পছন্দ তার। মা কাজল তাই ছেলেকে কিনে দিয়েছেন পছন্দের সেই খেলনা। শিশুর বয়স, ওজন আর উচ্চতার ওপর নির্ভর করে খেলনাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তাই সন্তান ছাড়া খেলনা কিনতে গেলে বিক্রয়কর্মীরা তথ্যগুলো জেনে নিয়ে খেলনা বাছাইয়ে সহায়তা করেন। বনানীর ১১ নম্বর সড়কের খেলনার দোকানগুলোতে বিদেশি খেলনাই মেলে বেশি। তবে নগরে এখন বেশ কিছু দেশি প্রতিষ্ঠানের মানসম্মত ও অভিনব খেলনা পাওয়া যাচ্ছে। আর এ খেলনাগুলোর উপকরণও দেশি এবং দামটাও বিদেশি খেলনার চেয়ে খানিকটা কম।‘সবুজ বাংলার সবুজ খেলনা’ স্লোগান নিয়ে অভিনব কিছু কাঠের খেলনা বাজারে এনেছে ‘উডি’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ কাওসার হাসান জানান, উডির পণ্য নিছক খেলনা নয়, হয়ে ওঠে শিক্ষার বাহন। ছয় মাস থেকে ছয় বছরের শিশুদের জন্য তাঁরা খেলনা তৈরি করলেও ১০ থেকে ১২ বছরের বাচ্চারাও খেলনাগুলো দিয়ে খেলতে পারে। খেলনাগুলো কাঠের তৈরি। শিশুরা যখন-তখন খেলনা মুখে দেয়। ব্যবহূত রঙে তাই ক্ষতিকর কিছু নেই। ৭৫ থেকে ৪৫০ টাকার মধ্যে কেনা যাবে খেলনাগুলো। এগুলো কেনা যাবে ফ্যাশন হাউস নগরদোলা আর শিশুদের খেলনার বড় বড় দোকানে।শিশুদের জন্য খেলনা বানানোর প্রতিষ্ঠান ‘ছোট্ট আমরা শিশু’ মোট ২২টি খেলনা বাজারে এনেছে। এগুলোর বেশির ভাগই শিক্ষানির্ভর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসান খন্দকার বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্যটা হলো কেবল উচ্চবিত্তরাই নয়, বরং সব শ্রেণীর শিশুদের হাতে খেলনা তুলে দেওয়া। খেলনাগুলোর বেশির ভাগই কাঠের তৈরি। এগুলো দুই থেকে আট বছরের শিশুদের জন্য। আর দামটা নির্ধারণ করা হয়েছে সব শ্রেণীর কথা বিবেচনা করেই।’ ৬০ টাকা থেকে ৪৬৫ টাকাতে কেনা যাবে খেলনাগুলো। নগরের অভিজাত খেলনার দোকান ও সুপার স্টোরে পাওয়া যাবে খেলনাগুলো।গুলশান-১-এর ডিসিসি মার্কেটে রয়েছে খেলনার অনেক দোকান। এখানকার একটি দোকান ‘বেবী লন’-এর স্বত্বাধিকারী ইফতেখার হোসেন জানান, ক্রেতাদের মধ্যে বিদেশি খেলনার প্রতি বেশি আগ্রহ লক্ষ করা যায়। বিদেশি খেলনার মধ্যে ফোম পাজল, মিউজিক্যাল বুক, রিমোট কন্ট্রোল কার আর হেলিকপ্টারের চাহিদা বেশি।নগরের স্কুলগুলোর প্রথম ধাপ প্লে-গ্রুপে পড়াশোনার মূল অংশটা থাকে খেলাকে ঘিরে। আর তাই খেলার ছলে শিক্ষক শেখান কোমলমতি শিশুকে। সানিডেল স্কুলের অধ্যক্ষ তাজিন আহমেদ জানান, শিশু তো খেলার মাধ্যমেই শিখবে, হোক তা দেশি বা বিদেশি খেলনার সাহায্যে। তবে যে খেলনাই হোক না কেন, তা যেন শিশুর মাথার ওপর দিয়ে না গিয়ে মাথার ভেতর দিয়ে যায়। অর্থাৎ খেলনা যেন শিশুর মেধার বিকাশে সাহায্য করে। এর ফলে শিশুর মস্তিষ্ক কাজ করবে এবং শিশু যেকোনো কিছু শিখতে পারবে অনেক দ্রুতগতিতে।