খেলা চলাকালে লোডশেডিং, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় বিদ্যুৎ কার্যালয়ে হামলা-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে হামলা এবং আলমডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে পুলিশ লাঠিপেটা এবং পাঁচটি কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যে খেলা চলাকালে চুয়াডাঙ্গায় গতকাল রাত নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জনতা চুয়াডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালায়। এ সময় র‌্যাব ও পুলিশ সেখানে পৌঁছে লাঠিপেটা করে জনতাকে ছত্রভঙ্গ করে। একই সময়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে তারা বিদ্যুৎ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে। ভাঙচুরের শিকার হয় আবাসিক প্রকৌশলীর মোটরসাইকেল। ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর জন্য বিদ্যুৎ কার্যালয়ের কাছে পৌঁছালে জনতা সেই গাড়িতেও হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। জনতা ছত্রভঙ্গ হয়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।চুয়াডাঙ্গার জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলার সব বিদ্যুৎ স্থাপনা ও কার্যালয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।