খেলা থেকে জীবনের জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠেই তাঁদের পরিচয়। সেই পরিচয় ক্রমশ গাঢ় হয়েছে, একজন হয়ে গেছেন আরেকজনের জীবনসঙ্গী। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এমন কিছু খেলোয়াড় দম্পতিকে নিয়ে লিখেছেন বদিউজ্জামানব্যাডমিন্টনকামরুন নাহার ডানা, শেখ আবুল হাশেমকামরুন নাহার ডানা তখন সবে বিমান ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন। মোহামেডান ক্লাব কর্মকর্তা মনিরুল হক চৌধুরীকে দুলাভাই বলে ডাকতেন। দুলাভাইয়ের কাছেই পরিবার থেকে জানানো হলো ডানার জন্য ‘সুপাত্র’ দেখতে।দুলাভাই একদিন জানালেন, ‘ছেলে আমাদের হাতে আছে।’ ছেলেটা কে? আবুল হাশেম। সদ্যই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। ঢাকা ব্যাডমিন্টন ক্লাবে খেলতেন হাশেম। তাঁকে দেখিয়ে দেখিয়ে ডানাকে খ্যাপাতেন দুলাভাই। এর পরই হাশেম-ডানার হূদ্যতা বাড়ল। এক বছর প্রেম, পারিবারিকভাবে বিয়ে হলো ১৯৮৫ সালের ১০ মে। রাজনীতিক পরিবার ডানাদের। ছোটবেলা থেকেই খেলাধুলা করতেন। জাতীয় পর্যায়ে শুরু ১৯৭৬ থেকে। ১৯৮৫ সাল থেকে মিশ্র দ্বৈত জুটি গড়লেন হাশেম-ডানা। এর আগে মনোয়ারুল আলম বাবুলের সঙ্গেও মিশ্র দ্বৈতে জুটি বেঁধে খেলতেন। বদরের সঙ্গেও খেলেছেন। আংটি বদল হয়ে যাওয়ার পর বদরই বললেন, ‘তুমি এখন হাশেমের সঙ্গে খেলো।’ দুজনই জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। ডানা ১৯৯৯ আর হাশেম ২০০৭ সালে। স্বামীকে নিয়ে ডানার মূল্যায়ন, ‘ও খুবই কমিটেড, সিনসিয়ার এবং অনেস্ট। আমার সব কথা হাসিমুখে মেনে নেয়। ও ছাত্রজীবনে প্রচুর সিগারেট খেত। কিন্তু মেয়ের ছয় মাস বয়সে ছেড়ে দিয়েছে। কারণ, সিগারেট খেয়ে এলে মেয়ে ওর কোলে যেত না। সেই যে সিগারেট ছেড়েছে, আর ধরেনি।’ হাশেমের কথা, ‘ডানা সহজেই মানুষকে বিশ্বাস করে। এটাই ওর বড় দুর্বলতা।’শ্যুটিংসাইফুল আলম (রিংকি), সাবরিনা সুলতানা দুজনের প্রথম দেখা ১৯৮৬ সালে। ১৯৯৩ সাফ গেমসের ক্যাম্পে ঘনিষ্ঠতা। অতঃপর বিয়ে ২০০৩ সালের ৩০ জানুয়ারি। সাইফুল আলম (রিংকি) ও সাবরিনা সুলতানা সংসারজীবনে সুখি দম্পতিই। কীভাবে সম্পর্কের শুরু? সাবরিনার উত্তর, ‘শ্যুটিংয়ে খারাপ করলে আমাকে ও সাহায্য করত। মাঝেমধ্যে ব্যালকনিতে বা ডাইনিংয়ে শ্যুটিং নিয়ে কথা বলতাম। পরামর্শ নিতাম। নিজেদের পছন্দ-অপছন্দ নিয়ে কথা হতো। এভাবে চলতে চলতেই মানুষটাকে ভালো লেগে গেল।’ অপ্রয়োজনীয় কথা না বলা, গম্ভীর থাকা, অন্যায়ের প্রতিবাদ করা—রিংকির এসব গুণের মধ্যে একটা মনের মানুষকে খুঁজে পান সাবরিনা। নিজের পারফরম্যান্সের চেয়েও সাবরিনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল রিংকির পারফরম্যান্স। অনেকবার রিংকির খারাপ ফলাফলে কেঁদেছেন সাবরিনা। ভারতে একবার সাফ শ্যুটিংয়ে পয়েন্টের ব্যবধানে রিংকির সোনা হাতছাড়া হওয়ায় কান্না শুরু করে দিয়েছিলেন সাবরিনা।রাগারাগি হলে মেয়েরা বাপের বাড়ি চলে যান। সাবরিনা নাকি এটা করেন না। রিংকি বললেন, ‘এক জায়গায় থাকতে গেলে মান-অভিমান হতেই পারে। তবে যা হয়, সব আমার কারণেই। আমার একটা বাজে শখ আছে—মাছ ও পাখি শিকার। এ কারণে অনেক সময়ই পরিবারকে সময় দিতে পারি না। ওটা ও পছন্দ করে না।’রিংকি-সাবরিনা জুটির একমাত্র ছেলে রনক চৌধুরী। ওকে নিয়েই তাঁদের দুজনের সময়টা কাটছে, অবশ্যই সুখে-শান্তিতেই।টেবিল টেনিসমাহবুব বিল্লাহ, মৌমিতা আলম রুমিদুজনের বাড়ি টেবিল টেনিসের উর্বর ভূমি নড়াইলে। মাহবুব বিল্লাহ যখন টেবিল টেনিসে ভালো করছেন, মৌমিতা আলম (রুমি) তখন খুব ছোট। স্কুলে পড়েন। একবার স্থানীয় এক টিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ছোট্ট মৌমিতা। তখন তাঁকে কাঁধে তুলে নেচেগেয়ে সারা ক্লাব ঘুরলেন মাহবুব। সেই স্মৃতি মনে পড়তেই সেকি হাসি মৌমিতার!শুধু একজন বড় খেলোয়াড়ই নন, মাহবুবকে পথপ্রদর্শক মানেন মৌমিতা। অভিভাবক হিসেবে সব সময়ই মাহবুবের কাছ থেকে টুকটাক পরামর্শ পেতেন। একসঙ্গে খেলতে খেলতেই গড়ে ওঠে সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে মাহবুব-মৌমিতার বিয়ে ২০০৮ সালের ৬ অক্টোবর। কোর্টে এবং বাইরে দুজনের বোঝাপড়া কেমন? মৌমিতা বললেন, ‘ভালো। দুজন একই সঙ্গে খেলি, তাই তেমন সমস্যা হয় না। তবে পারিবারিক জীবনে টুকটাক ঝগড়া দু-একদিন হতেই পারে। সেটি বড় কিছু নয়।’ সেই ২০০২ থেকে খেলছেন জুটি হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সদ্য পাস করেছেন মৌমিতা। তাঁর দাবি, ‘আমরা ক্রীড়াঙ্গনের সেরা জুটি।’ পরপরই যোগ করেন, ‘সংসারে যতই কাজ থাকুক, আমার শাশুড়ি বলেন, “তুমি আগে প্র্যাকটিস করো”।’মাহবুব বললেন, ‘রুমি সকালবেলা একটু বেশি সময় ঘুমায়।’ মৌমিতার অভিযোগ, ‘আমার দিকে নজর দেওয়ার ব্যাপারে উদাসীনতা আছে ওর। ও খেলার ব্যাপারে বেশি সিরিয়াস। খেলাটা আগে, আমি পরে।’ মাহবুবের কথা, ‘আমরা কেউ কাউকে ঈর্ষা করি না। রুমি একেকটা ম্যাচ খারাপ করলে ওর চেয়ে আমি বেশি কষ্ট পাই।’ব্যাডমিন্টনএনায়েত উল্লাহ খান, এলিনা সুলতানাঘটনাটা ২০০২ সালের। এলিনা সুলতানার মা উডেনফ্লোর জিমনেসিয়ামে ঢুকে এনায়েত উল্লাহর কাছে গিয়ে জানতে চাইলেন, ‘এখানে এনায়েত কে?’ এনায়েত হেসে বললেন, ‘আমিই এনায়েত।’ পাশে দাঁড়ানো এলিনা।খুলনার ব্যাডমিন্টন খেলোয়াড় পলাশ (বর্তমানে লন্ডনপ্রবাসী) এলিনাকে পাঠিয়েছিলেন এনায়েতের কাছে। বলে দিয়েছিলেন, ‘এনায়েত খুব ভালো খেলোয়াড়। কোনো সমস্যা হলে যোগাযোগ কোরো।’ প্রথম দেখাতেই এলিনাকে ভালো লাগে এনায়েতের। তাঁর দুই বোনও এলিনাকে খুব পছন্দ করতেন। তারপর তো গত ৮ জুলাই দুজনের বিয়ে। কেমন চলছে নতুন সংসার? ‘খুব ভালো।’ হেসে বললেন দুজনই। এনায়েতের কথা, ‘আমরা দুজনই খেলোয়াড়, তাই বোঝাপড়াটা দারুণ। ও রান্না করতে পারত না। কিন্তু এখন ও খুব ভালো রাঁধতে শিখেছে।’ খেলা আগে না সংসার? এলিনার জবাব, ‘দুটোই সমান। প্রতিটি মেয়েরই স্বপ্ন সংসার করার। আমারও তা-ই।’ স্বামীর একটা দোষও খুঁজে পেয়েছেন, ‘ও সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। এটা ঠিক নয়। তবে আমার প্রতি অনেক যত্নবান।’ দুজনে মিশ্র দ্বৈত খেলেছেন। বিয়ের পর মালদ্বীপে আন্তর্জাতিক চ্যালেঞ্জ কাপে খেলতে গিয়েছেন। এভাবে চান অনেক দিন খেলে যেতে।