খেলা দেখতে মাঠে
বিশ্বকাপের খেলা কি ঘরে বসে দেখবেন, নাকি মাঠে? এ প্রশ্নের জবাবে রিকশাচালক আনসার বললেন, ‘আমি খেলাটেলা তেমন একটা বুঝি না। তয় মনডায় চায় মাঠে যাইয়া একটা খেলা দেখতে।’ নিজ শহরের মাঠে বসে বিশ্বকাপ দেখতে অনেকেই ছুটবেন মাঠে। কিন্তু মাঠের কোথায় বসে খেলা দেখবেন, সে চিন্তা করেছেন নাকি? জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম মাথা চুলকে জবাব দিলেন, ‘একটা খেলা অবশ্যই দেখব স্টেডিয়ামে, কিন্তু কোথায় বসে যে দেখব, সেটা এখনো ঠিক করিনি।’ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের টিকিট কাটার আগেই জেনে রাখা ভালো, আপনি মাঠের কোন পাশে বসে খেলা দেখবেন? কোন আসনের দাম কত টাকা? স্টেডিয়ামে খেলা দেখার জন্য গ্যালারি, ক্লাব হাউস, আন্তর্জাতিক গ্যালারি, আন্তর্জাতিক মার্কি, গ্রান্ড স্ট্যান্ড ও করপোরেট বক্স—মোট ছয় ধরনের টিকিট পাওয়া যাবে বলে জানালেন বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ার শফিউল আরেফিন।শরীরে উল্কি এঁকে, মুখে রং মাখিয়ে কিংবা বিরাট আকারে পতাকা নিয়ে যাঁরা মাঠের খেলোয়াড়দের উৎসাহ দেন, তাঁদের বেশির ভাগই গ্যালারির দর্শক। তাঁদের উন্মাতাল চিৎকার আর হাততালির ফোয়ারা ঢেউ খেলে যায় উত্তর থেকে দক্ষিণ গ্যালারি পর্যন্ত। মিরপুর স্টেডিয়ামে সবচেয়ে কম মূল্যে ২০০ টাকা দিয়ে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে বসে। এবার গ্যালারিতেও থাকছে চেয়ার। তবে এই গ্যালারি কিন্তু খোলা আকাশের নিচে। আপনি যদি মাথায় রোদ না লাগিয়ে গ্যালারিতে বসে খেলা দেখতে চান, সে ক্ষেত্রে উত্তর অথবা দক্ষিণ গ্যালারির টিকিট কাটতে হবে। উত্তর ও দক্ষিণ গ্যালারির প্রতি টিকিটের মূল্য পড়বে ৪০০ টাকা।গ্যালারি থেকে তো আর সব সময় ভালো করে খেলা দেখা যায় না। ব্যাটসম্যানের অফসাইড অথবা লেগসাইডে বসে নয়, বরং আরও ভালোভাবে মজা করে খেলা দেখতে চাইলে উত্তর ও দক্ষিণ এই দুই পাশের ক্লাব হাউসে টিকিট কাটার পরামর্শ দিলেন শফিউল আরেফিন। প্রায় সাত হাজার আসনের এই ক্লাব হাউসে বসতে চাইলে প্রথম রাউন্ডের খেলার জন্য গুনতে হবে ৭০০ টাকা আর পরের রাউন্ড এক হাজার টাকা।আন্তর্জাতিক গ্যালারিটা মূলত সোজা বাংলায় ভিআইপি গ্যালারি। একটু আয়েশ করে বসে পা দুলিয়ে খেলা দেখার জন্য নগরের অনেকেই এদিকে ঝুঁকবেন। প্রায় দেড় হাজার জন একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এই গ্যালারিতে। প্রথম রাউন্ডে প্রতিটি টিকিটে খরচ হবে দুই হাজার টাকা এবং দ্বিতীয় রাউন্ড থেকে লাগবে তিন হাজার টাকা। আন্তর্জাতিক মার্কিতে বসে খেলার দেখাটা যে আসলেই আয়েশি, তা বোঝা গেল আয়োজকদের কথা শুনেই। পায়ের ওপর পা দুলিয়ে বসে বসে খেলা দেখবেন একটু পরপরই চা-কফি দিয়ে যাবে বেয়ারারা। শুধু তা-ই নয়, ‘লাঞ্চ ব্রেক’-এ উন্নত মানের খাবারও পরিবেশন করবেন আয়োজকেরা। পুরোদস্তুর বিনোদনের সঙ্গে খেলা দেখার এই সুযোগ অবশ্য মাত্র ৭০০ জন পাবেন। তবে এভাবে খেলা দেখতে গেলে খরচটাও একটু বেশিই হবে। প্রথম রাউন্ডের খেলা দেখার জন্য লাগবে ১৫০ ডলার মূল্যের টিকিট। পরের রাউন্ডের জন্য লাগবে ২০০ ডলারের টিকিট।গ্রান্ড স্ট্যান্ডের সোফায় বসে খেলা দেখার মজাটাই নাকি অন্য রকম। পেশাদার খেলোয়াড়দেরও খেলা দেখার প্রিয় স্থান এটা। কেবল খেলা দেখে গলা ফাটিয়ে চিৎকার নয়, বরং বিশ্লেষণও করতে পারবেন গ্রান্ড স্ট্যান্ডের টিকিট কাটলে। সে ক্ষেত্রে প্রথম রাউন্ডের জন্য তিন হাজার টাকা এবং পরের রাউন্ডের জন্য চার হাজার টাকা দিয়ে টিকিট কাটা লাগবে।সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে মাঠে বসে খেলা দেখার স্বাদ মিলবে করপোরেট বক্সে। ছোট্ট ড্রয়িং রুমের মতো একটুখানি জায়গা। তাতে ১০টা সোফা রাখা। সোফার সামনে রাখা চা-কফির টেবিল। হাঁক মারলেই মিলবে ফরমায়েশের খাবারটি। বক্সের এক কোনায় আবার একটি রঙিন টেলিভিশনও থাকবে। ১০ জন একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এখানে। করপোরেট বক্স আবার এক দিনের জন্য ভাড়া দেওয়া হবে না। পুরো আট দিনের আটটি ম্যাচের জন্য একবারেই একটি বক্স ভাড়া দেওয়া হবে। ১০ সিটের একেকটি করপোরেট বক্সে বসে খেলা দেখতে হলে আট দিনের ভাড়া গুনতে হবে ২৪ হাজার ডলার।