খেলা দেখুন এভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন তো আর সব দেখায় না। তার পরও একেক দেশের ভিন্ন খেলার ধরনটা ঠিকই ফুটে ওঠে তাতে। বাংলাদেশের সাবেক তারকা স্ট্রাইকার কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলে তাঁর জবানিতেই টিভিতে খেলা দেখার টিপস্ দিচ্ছেন মাসুদ আলমটিভিতে খেলা দেখার সময় অনেক কিছুই আপনি দেখবেন না। ক্যামেরা তো শুধু বলের পেছনে ছুটবে। এর বাইরে কত কী ঘটবে! সেগুলো কীভাবে দেখবেন? আসুন, আপনাদের সাহায্য করি।ফুটবলে একটা কথা আছে, ‘দ্য ম্যান উইথ দ্য বল ইজ নট অ্যাজ ইম্পর্ট্যান্ট দ্যান দ্য ম্যান উইথ আউট দ্য বল।’ মানে, যার কাছে বল আছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যার কাছে বল নেই তার। যেমন ধরুন, ব্রাজিলের খেলায় ওদের রাইট ব্যাকের পায়ে বল থাকলে ছুটে বেরিয়ে যাবে লেফট ব্যাক। আবার দেখবেন মিডফিল্ডে ডান দিকের লোকটাও ওপরে উঠছে। স্টপার ব্যাকও একটা সময় বেরিয়ে পড়বে। এটাই খেলার আসল সৌন্দর্য, যা টিভি পর্দায় ফুটে উঠবে না। সব দেশেরই খেলার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। ব্রাজিলের বিশেষত্ব হচ্ছে, তাদের পাসিং ফুটবল। আবার অন্যরকমও হয়। ব্রাজিলিয়ানরা স্কিলে এত এগিয়ে যে বল সহজে ছাড়তে চায় না। পাস না দিয়ে নিজেরাই ঢুকে পড়ে।আর্জেন্টাইনরা আবার বলের ওপর খেলা দেখাতে খুব ভালোবাসে। দেখবেন, ওরা পেছনে পাস দেবে অনেক। গতবার তো ২৪ পাস খেলে একটা গোল করল আর্জেন্টিনা। যদিও এত বেশি পাস দলের জন্য কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়।ইউরোপিয়ানদের খেলাটা আলাদা। তারা পেছনে খুব একটা খেলবে না। এককভাবে বেশি দূর না এগিয়ে সামনে পাস দিয়ে দেবে। ব্রাজিল-আর্জেন্টিনা দলে যেমন ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর ফুটবলার আছে, ইউরোপিয়ানদের তেমন নেই। তাই তাদের খেলার ধরনটাও আলাদা। ইতালির খেলা তৈরি হবে একেবারে রক্ষণ থেকে। রক্ষণকে দুর্গ বানিয়ে রেখে তবেই ভাববে অন্য কিছু। মাঝমাঠও জমাট রাখবে। এরপর কখনো উইং দিয়ে, কখনো মাঝখান দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। কখনো দূরপাল্লার শট নেবে...এই হলো ইতালির খেলা। হল্যান্ডের রক্ষণ-মাঝমাঠ-আক্রমণ—আলাদা বলে কিছু নেই। যে সামনে আছে সে-ই অ্যাটাকার, সে-ই মিডফিল্ডার, সে-ই ডিফেন্ডার। তবে ইয়োহান ক্রুইফের নেতৃত্বে যে টোটাল ফুটবল খেলত হল্যান্ড, সেটা তারা পুরো ধরে রাখতে পারেনি। আবার একেবারে ছেড়েও দেয়নি।স্পেনের খেলাটা হচ্ছে ‘টিপিক্যাল ইউরোপিয়ান’। দেখা গেল রক্ষণ থেকে রাইট ব্যাক সার্জিও রামোস উঠছে, স্টপার ব্যাকও তখন উঠছে। আবার নেমে আসছে দুজনই। ওরা লম্বা বল খেলবে, ছোট পাসও খেলবে, যখন যেটা দরকার। ‘টিপিক্যাল ইউরোপিয়ান’দের খেলা এমনই। স্পেনের খেলায় ওঁদের বল নিয়ন্ত্রণ এবং মাঝমাঠ কীভাবে কাজ করে, সেটি আলাদা করে লক্ষ রাখুন। ইংল্যান্ড আড়াআড়ি পাস না খেলে সরাসরি সামনে চলে যাবে বেশি। জার্মানি কাজে লাগাতে চায় গতি। দ্রুত পাস দিতে দেখবেন ওদের।আরেকটা জিনিস টিভিতে চোখে পড়ে না, মাঠে একজন না একজন খেলোয়াড় কোচের দিকে চোখ রাখবে সারাক্ষণ। ডাগ-আউট থেকে নির্দেশ যাবে তাদের কাছে। কোচরা হয়তো হাত মোচড়াচ্ছে, লাফাচ্ছে, চেয়ারে-মাটিতে লাথি মারছে...। বাইরে থেকে আমরা মনে করতে পারি, এটা বুঝি হতাশা থেকে। আসলে এটা খেলোয়াড়দের উদ্দেশে কোচের কোনো বার্তা। শরীরের ভাষা দিয়ে কোচ খেলোয়াড়দের বোঝাবে মাঠে কী করা দরকার। শুরুতে বলছিলাম, ক্যামেরা সব দেখাবে না। তবে মেসির বল নিয়ন্ত্রণ, পাসিং, শুটিং তো দেখতে পাবেনই। তেমনি জেরার্ড, ল্যাম্পার্ডের হঠাৎ নেওয়া দূরপাল্লার শট, ভিয়ার গোল স্কোরিং ক্ষমতা, তোরেসের উইথ দ্য বল রানিং, কাকার নিখুঁত পাস; বুফন-ক্যাসিয়াস-সিজারের গোলকিপিং তো চোখে পড়বেই।কোন দেশ কিভাবে খেলে জানা থাকলে খেলা দেখার আনন্দটা বেড়ে যায়। তবে ফুটবলের মজা হলো, এত সব না বুঝেও খেলাটা আপনি ঠিকই উপভোগ করতে পারবেন।