খেলা বিক্রি!
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ১০’-এ ১৫ হাজার টাকায় খেলা বিক্রির অভিনব অভিযোগ পাওয়া গেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।টুর্নামেন্ট সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্টটি শুরু হয়। শেষ হয় ২৩ অক্টোবর। এতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জয়ী হয় বালারহাট আদর্শ রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৪ অক্টোবর উপজেলার জছি মিঞা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দলগুলোর খেলা শুরু হয়। এতে প্রথম রাউন্ডে জয়ী হয় বালারহাট রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫ অক্টোবর সেমিফাইনালে তাদের খেলার কথা ছিল চন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে। পরে আর খেলতে পারেনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের ফুটবলারেরা।বালারহাট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, অভিভাবকেরা জানান, ২৫ অক্টেবর সকাল থেকে দুপুর পর্যন্ত সেমিফাইনালে খেলার প্রস্তুতি চলে। কিন্তু দুপুরের পর আচমকা বদলে যায় পরিবেশ। এতক্ষণ খেলার জন্য উৎসাহদাতা সহকারী শিক্ষক মিজানুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আইয়ুব আলী বেঁকে বসেন। তাঁরা শিক্ষার্থী খেলোয়াড়দের খেলায় অংশ নিতে নিষেধ করেন। যুক্তি দেখান, খেলায় অংশ নিলে প্রতিপক্ষ খেলোয়াড়েরা হাত-পা ভেঙে দিতে পারে।অভিভাবক দুলাল খন্দকার বলেন, ‘হামরা যতকোনা জানি, ১৫ হাজার টাকাত এই খেলা বিক্রি করে দিচে মিজানুর মাস্টার আর আইয়ুব নেতা। না হইলে ১৪টা খেলাত জিতিয়াও কোন বিবেকে প্লেয়ারোক খেলাত না নিয়া গেইল!’নাওডাঙ্গা ইউপি সদস্য নাজমা বেগম বলেন, ‘আমিও শুনেছি, প্রতিপক্ষের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে খেলায় অংশ নেয়নি ওই বিদ্যালয়।’এদিকে টাকার বিনিময়ে খেলতে না যাওয়ার কথা অস্বীকার করেছেন মো. আইয়ুব আলী, মিজানুর রহমান ও প্রধান শিক্ষিকা জাহানারা বেগম। আইয়ুব আলী বলেন, ‘খেললে ছেলেগুলোর হাত-পা ভেঙে যেতে পারে। তাই ওদের খেলতে নেইনি।’শিক্ষক মিজানুর বলেন, ‘ছাত্ররা অসুস্থ ছিল। তাই খেলতে নেইনি। এর বেশি কিছু নয়।’ প্রধান শিক্ষিকা জাহানারা বলেন, ‘এর দায়-দায়িত্ব আইয়ুব আলী ও মিজানুর রহমানের। কারণ তাঁদের খেলার সব দায়িত্ব দেওয়া হয়েছিল।’উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফিকুল আলম বলেন, ‘খেলায় ওই বিদ্যালয়টি কেন অংশ নেয়নি, তা আমার জানা নেই। বিষয়টি তদন্ত করা হবে।’