খেলা শুনব তাই রেডিও কিনেছি
‘খেলা শুনব, তাই রেডিও কিনলাম। কোনো ভাবেই খেলা মিস করতে চাই না’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানের নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে বিদেশি একটি কোম্পানিতে কর্মরত হাফিজুর রহমান এ কথা বলেন। হাফিজুর রহমান বলেন, ‘এই মাত্র অফিস থেকে বের হলাম। বাসায় যাব। তবে কোনোভাবেই বাংলাদেশ-পাকিস্তানের খেলা মিস করতে চাই না। আর তাই ৪১০ টাকা দিয়ে রেডিওটি কিনলাম’।মহাখালী বাস টার্মিনালে রাস্তার পাশে চায়ের দোকান লিটনের। দোকানের এক পাশে টিভি সেট করে খেলা দেখছেন তিনি। আর খেলা দেখতে তাঁর দোকানে ভিড় করেছেন পথচারীরা। সেখানে কর্মরত পুলিশের কয়েকজন সদস্যও কাজের ফাঁকে খেলা দেখছেন। কথা হল লিটনের সঙ্গে। লিটন বলেন, ‘মাঠে তো আর খেলা দেখতে যেতে পারিনি। তাই দোকানেই টিভি সেট করে দেখছি’। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের খেলা দেখব না তা কি করে হয়? এক সঙ্গে খেলা দেখাও হলো, আবার ব্যবসাও চলল’। তবে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।মহাখালী ফ্লাইওভারের নিচে জ্যামে আটকে ছিলেন মাইক্রোবাস চালক সাইফুল ইসলাম। একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। গাড়িতে বসেই খেলা শুনছিলেন তিনি। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘ডিউটিতে আছি। তাই গাড়িতে বসেই খেলা শুনছি’। তিনিও বিজয়ী বাংলাদেশ দেখতে চান।এ ছাড়াও সড়কের পাশের বেশ কয়েকটি দোকানে পথচারী দর্শকের ভিড় দেখা যায়।