খেলা শুরু হয়েছে, বক্তব্য সংক্ষেপ করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বিরোধীদলীয় নেত্রীর মতো মিথ্যার ফুলঝুড়ি দেব না। তিনি ভূরি ভূরি মিথ্যা তথ্য দিয়েছেন।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময় ছিল দেশের জন্য অভিশপ্ত। তখন উন্নয়নের জোয়ার ছিল না, ছিল ভাটার টান। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। সরকার মানে জনগণের সেবক। জনগণের সেবক হিসেবে এসেছি।’শেখ হাসিনা বলেন, বিএনপির সময়ে বোমাবাজি, খুন, লুটপাট, গ্রেনেড হামলা, হাত-কাটা, পা-কাটার ঘটনা ঘটেছে। একের পর এক নারীকে ধর্ষণ করা হয়েছে।’ তিনি দাবি করেন, নাটোর ও লক্ষ্মীপুরের খুন বিএনপির কোন্দলেই হয়েছে। সেখানে আওয়ামী লীগ জড়িত ছিল না।প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার একপর্যায়ে সময় সম্পর্কে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আমি আপনাকে সময় সংক্ষেপ করতে বলব না। কারণ বিরোধীদলীয় নেত্রী দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন।’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বিভিন্ন অসত্য তথ্য দিয়ে একখানা উপন্যাস রচনা করেছেন। উপন্যাসটি পাঠ করে দিয়ে তিনি সংসদ থেকে চলেও গেছেন। তার পরও আমি তাঁকে ধন্যবাদ জানাই, তবুও তো তিনি এসেছেন।’ বিরোধী দলে থাকার সময় সংসদে এভাবে বক্তৃতা দিতে দেওয়া হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘খেলায় বাংলাদেশ চমত্কার ফিল্ডিং করেছে। ২৩২ রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েছে। বাংলাদেশ যাতে জিতে সেটাই আমরা চাই।’ তিনি বলেন, ‘খেলা শুরু হয়েছে, আমি বক্তব্য আরও সংক্ষেপ করার চেষ্টা করি।’