খেলা শেষে ক্রিকেটারদের হোটেলে ফেরার রাস্তা জনশূন্য থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে কাল শনিবার খেলা শেষে ক্রিকেটারদের হোটেলে ফেরার রাস্তা জনশূন্য করা হবে।আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, কাল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলা শেষে দর্শকদের নির্ধারিত সময়ে স্টেডিয়াম ও রাস্তা ছেড়ে চলে যেতে হবে। এরপর খেলোয়াড়দের হোটেলে ফেরার ব্যবস্থা করা হবে। এ সময় স্টেডিয়ামের আশপাশের রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। ক্রিকেটাররা যে রাস্তা দিয়ে হোটেলে ফিরবেন, সে রাস্তায় যান চলাচল বন্ধের পাশাপাশি জনশূন্য করা হবে। ক্রিকেটারদের নিরাপত্তার জন্য যা করা দরকার সবই করা হবে। কমিশনার বলেন, ঢিল মারার ঘটনা আর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। হার-জিত খেলায় থাকবেই। কিন্তু ক্রিকেট উন্মাদনাকে ন্যক্কারজনক পর্যায়ে কেউ নিলে তার স্থান হবে হাজতে। জয়ের আনন্দ যাতে অস্বস্তিদায়ক না হয়, সেদিকে নজর রাখা হবে। আতশবাজি পাওয়া গেলে তিনি গ্রেপ্তারও হতে পারেন। আবার আবেগতাড়িত হয়ে দেশের সম্মানে কালিমা লেপন করতে না পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্টেডিয়ামসহ নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সংবাদ ব্রিফিংয়ে তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, আবদুল জলিল ও মিলি বিশ্বাস, যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মীর শহীদুল ইসলাম, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।